# কারণ আমি তোমাকে ভালোবাসি

- Author: [সুরাইয়া পারভীন](https://sonelablog.com/author/sparvin19/)
- Published: 2020-07-22T08:39:45+00:00
- Updated: 2020-07-22T10:26:15+00:00
- Category: [একান্ত অনুভূতি](https://sonelablog.com/category/misc/personal/)
- URL: https://sonelablog.com/%e0%a6%95%e0%a6%be%e0%a6%b0%e0%a6%a3-%e0%a6%86%e0%a6%ae%e0%a6%bf-%e0%a6%a4%e0%a7%8b%e0%a6%ae%e0%a6%be%e0%a6%95%e0%a7%87-%e0%a6%ad%e0%a6%be%e0%a6%b2%e0%a7%8b%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b8%e0%a6%bf/

---

 

কেউ কথা রাখেনি;  
কথা রাখেনি শরতের নীল আকাশ,  
বলেছিল শুভ্রমেঘ হয়ে কেবল আমিই থাকবো-  
উড়বো খেলবো হাসবো তার বুক জুড়ে!  
অথচ তার বুকে এখন-  
অজস্র কালো মেঘের আনাগোনা।

কেউ কথা রাখেনি;  
কথা রাখেনি ফাল্গুনের দখিনা বাতাস,  
বলেছিল মাতাল হাওয়ায়-  
ভেসে নিয়ে যাবে সমস্ত কষ্ট দুঃখ হতাশা যন্ত্রণা,  
অথচ সুযোগ বুঝে করে গেলো আমার সর্বনাশ!

কেউ কথা রাখেনি;  
কথা রাখেনি বসন্তের কোকিল,  
বলেছিল মিষ্টি মধুর গান শুনিয়ে-  
ক্লান্ত দুপুরে ক্লান্তি গুলো  মুছে দেবে সুরের মূর্ছনায়!  
অথচ তার বিরহী সুর আমায় উদাস করে রেখে যায়!

কেউ কথা রাখেনি  
কথা রাখেনি শিমুল পলাশ কৃষ্ণচূড়া  
বলেছিল রক্তিম আভা ছড়িয়ে-  
রঙিন করে তুলবে আমার রঙহীন ফ্যাকাসে পৃথিবী!  
অথচ তাদের রক্তাক্ত রঙের স্পর্শে ক্ষত-বিক্ষত করে গেছে আমার হৃদয় ভূমি!

কেউ কথা রাখেনি;কেউ কথা রাখে না  
তাহলে আমি কেনো তোমাকে দেওয়া কথা রাখতে-  
রঙিন পৃথিবী ছেড়ে,  
আলোর হাতছানি উপেক্ষা করে,  
অন্ধকার বাসিনী হয়ে,  
আঁধারকে সঙ্গী করে,  
তোমার আসার পথ চেয়ে,  
একটু একটু করে নিঃশেষ করে দেবো নিজেকে?  
নিজেকে নিঃশেষ করবো কারণ-  
কারণ আমি তোমাকে ভালোবাসি,  
ভীষণ ভালোবাসি শুভ্রনীল!

---

Comments: 14 — https://sonelablog.com/%e0%a6%95%e0%a6%be%e0%a6%b0%e0%a6%a3-%e0%a6%86%e0%a6%ae%e0%a6%bf-%e0%a6%a4%e0%a7%8b%e0%a6%ae%e0%a6%be%e0%a6%95%e0%a7%87-%e0%a6%ad%e0%a6%be%e0%a6%b2%e0%a7%8b%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b8%e0%a6%bf/#comments
