# কাপুরুষ

- Author: [অনন্য অর্ণব](https://sonelablog.com/author/ananno-arnob/)
- Published: 2020-01-27T13:31:43+00:00
- Updated: 2020-01-27T17:00:46+00:00
- Category: [কবিতা](https://sonelablog.com/category/literacy/poetry/)
- URL: https://sonelablog.com/%e0%a6%95%e0%a6%be%e0%a6%aa%e0%a7%81%e0%a6%b0%e0%a7%81%e0%a6%b7/

---

হ্যাঁ আমিই কাপুরুষ  
জান ? তোমার এই প্রলয়ঙ্করী আর্গুমেন্ট  
আমায় এতটুকুও বিচলিত করেনি,  
অথবা –  
মুহুর্তের জন্যও হতবাক করে নি।

তুমি যখন চাইতে যেভাবে চাইতে-  
আমাকে তৈরি থাকতে হতো,  
শরীরে-মনে- মননে,  
আমাকে তৈরি থাকতে হতো  
অর্থে-বিত্তে- প্রাচুর্য্যে

তুমি যখনি বলতে- এই শুনছো ?

আমায় এটা কখনো বলতে সুযোগ দাওনি –  
হ্যাঁ বলো, শুনছি ।

তোমার ইচ্ছে গুলো ছিলো সব সময়ই আটপৌরে ঢংয়ে ভরা  
কখনো ভীষণ ক্লান্তি নিয়ে যখন ঘরে ফিরেছি  
তখনই তুমি বলতে এই শোন, তুমি এমন অলস কেন  
সংসারে তোমার কোন দায়িত্ব আছে ! বলি –  
সব কাজই তো একা আমাকেই করতে হয়  
আজ অন্তত রান্নাটা না হয় করো !

আমি যখন জ্বরের ঘোরে বেহুঁশ-  
তখনি তোমার বৃষ্টিতে ভেজার শখ তুঙ্গে উঠে যেতো  
বলি শুনছো ? তুমি আসলেই একটা বেরসিক-  
ভেবেছি আজ একটু বৃষ্টিতে ভিজতে যাবো,  
অথচ তুমি কম্বল মুড়িয়ে বিভোরে ঘুমাচ্ছ ।  
যেন আজই জীবনের শেষ বারি বর্ষণ !

সে দিন বামপন্থীদের ডাকা তুমুল আন্দোলন আর অবরোধে –  
একটাও যানবাহন ছিল না,  
রাজপথ ছিলো শুন্য, খাঁ খাঁ দুপুরের মরুদ্যান –  
চৈত্রের খর-রৌদ্রে ভরা দুপুরে হঠাৎ তোমার তলব  
তুমি বাড়ি এসো- আমার এখনি চাই !  
ব্যাস আমার কি আর বলার কিছু আছে ?  
অফিস ছেড়ে ফুটপাত ধরে পাকা তিরিশ কিলো হেঁটে –  
ঘরে ফিরে দেখলাম তুমি বিভোর ঘুমিয়ে আছো !!

আমায় কাপুরুষ বলো তাতে আমি একটুও বিচলিত হইনি-  
বরং খারাপ লাগছে এটা ভেবে যে –  
আমার সমস্ত অকুণ্ঠ ভালোবাসা সঞ্চিত রেখেছি যে-  
হৃদয় মঞ্জিলে,  
আজ সেই সিংহাসনে অথর্ব কারো পদায়ন –  
আমি সন্তর্পণে সে পথ এড়িয়ে চলি ।

হ্যাঁ বহুদূরের সুউচ্চ অট্টালিকায় –  
দখিনের খোলা জানালায় বসে,  
আমি সুদূরের সাগরের গর্জন শুনতে পাই  
আর শুনতে পাই –  
তোমার বিলাসী বাসনায় সজ্জিত দেবী সদৃশ মনের  
কি বিভৎস করুন বিসর্জন।

আমি সত্যিই এক কাপুরুষ ।।

উত্তরা, ঢাকা  
১ লা কার্তিক ১৪২৬ বঙ্গাব্দ।

---

Comments: 24 — https://sonelablog.com/%e0%a6%95%e0%a6%be%e0%a6%aa%e0%a7%81%e0%a6%b0%e0%a7%81%e0%a6%b7/#comments
