# কলঙ্কের কালো মেঘ

- Author: [সুপর্ণা ফাল্গুনী](https://sonelablog.com/author/suparna-falguni/)
- Published: 2020-11-09T18:00:16+00:00
- Updated: 2020-11-10T16:12:36+00:00
- Category: [কবিতা](https://sonelablog.com/category/literacy/poetry/)
- URL: https://sonelablog.com/%e0%a6%95%e0%a6%b2%e0%a6%99%e0%a7%8d%e0%a6%95%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%95%e0%a6%be%e0%a6%b2%e0%a7%8b-%e0%a6%ae%e0%a7%87%e0%a6%98/

---

 

শ্বেত শুভ্র বলাকায় রক্তের ছোপ ছোপ দাগ,  
নীলাকাশটা ভরে‌ উঠেছে কলঙ্কের কালিমায়।  
পিঙ্গলা মলয়ে দুর্গন্ধ ভেসে আসে মানব-চরিত্রের;  
স্রোতস্বিনী  ময়ুরাক্ষীতে ক্ষুধার্ত হাহাকারের লহরী।  
নিয়নের আলোতে মুঠি মুঠি জোনাকির আত্নাহুতি;  
শামুকের খোলসে বিবেক, মনুষ্যত্ব, লজ্জা আবদ্ধ।  
চন্দ্রের আলোকবর্তিকায় লাশ-পোড়া ধ্রুম্রকুণ্ডলী ।

ফুল বাগিচায় বিষাক্ত সাপের ফোঁস ফোঁস, হাঁসফাঁস-  
সময়ের পেন্ডুলামে দুলছে জীবনবোধের কষাঘাত।  
চিরচেনা সম্পর্ক গুলো স্বার্থের চাদরে নিদ্রায়িত;  
বেখেয়ালি ঝিনুক ফুটেছে বালুকাবেলায় অনন্তকাল।  
কুজ্‌ঝটিকায় নেশার আতঙ্ক ছড়িয়ে পড়েছে অগোচরে,  
অনন্তলতা জড়িয়ে আছে কুহেলিকার মুক্তো-আবেশে;  
আজানুলম্বিত রজনীর দীর্ঘশ্বাস দু’চোখে বাসর রচে।  
বিভোরতায় ছুঁয়ে যায় বেদনার কালো মেঘের পালক।

ছবি-গুগল

---

Comments: 21 — https://sonelablog.com/%e0%a6%95%e0%a6%b2%e0%a6%99%e0%a7%8d%e0%a6%95%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%95%e0%a6%be%e0%a6%b2%e0%a7%8b-%e0%a6%ae%e0%a7%87%e0%a6%98/#comments
