# করোনা ভাইরাসের সাথে লড়াই করবে গরিব মানুষ–ঘরে বসে তামাশা দেখবে রাজনৈতিক ব্যক্তিবর্গ-সহ বিত্তবানরা

- Author: [নিতাই বাবু](https://sonelablog.com/author/nitaibabu/)
- Published: 2020-03-24T12:27:53+00:00
- Updated: 2020-03-24T13:01:59+00:00
- Category: [একান্ত অনুভূতি](https://sonelablog.com/category/misc/personal/)
- URL: https://sonelablog.com/%e0%a6%95%e0%a6%b0%e0%a7%8b%e0%a6%a8%e0%a6%be-%e0%a6%ad%e0%a6%be%e0%a6%87%e0%a6%b0%e0%a6%be%e0%a6%b8%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%b8%e0%a6%be%e0%a6%a5%e0%a7%87-%e0%a6%b2%e0%a7%9c%e0%a6%be%e0%a6%87/

---

সময় সময় দেশে যখন কোনও প্রাকৃতিক দুর্যোগ দেখা দিতো, সেসব প্রাকৃতিক দুর্যোগের ফলে অনেক মানুষ ক্ষতিগ্রস্ত হতো। তখন সরকার আন্তরিকতার সাথে সেসব ক্ষতিগ্রস্তদের মাঝে বিভিন্নরকম ত্রাণসামগ্রী বিতরণ করতে দেখা যেতো। সরকারের ত্রাণ মন্ত্রণালয় থেকে ক্ষতিগ্রস্তদের মাঝে টিন, চাল, ডাল, তেল, লবণ-সহ নানারকম খাদ্যসামগ্রী বিতরণ করতো। সরকারের পাশাপাশি বিভিন্ন মানবাধিকার সংগঠন-সহ দেশের বিত্তবান, রাজনৈতিক ব্যক্তি, বিভিন্ন সমাজসেবী ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতো। যাতে ক্ষতিগ্রস্তরা খুব তাড়াতাড়ি সংকটময় সময় থেকে সেরে ওঠতে পারে। মহান সৃষ্টিকর্তা না করুক- এখনও যদি এদেশে কোনও প্রাকৃতিক ঘুর্ণিঝড়, জলোচ্ছ্বাস, টর্নেডোর মতন এমন দুর্যোগ দেখা দেয়, তাহলে কিন্তু সরকার হাতপা গুটিয়ে বসে থাকবে না। শত সমস্যার মাঝেও সরকার দুর্যোগ মোকাবিলা করা-সহ দেশের জনগণকে বাঁচাতে এগিয়ে যাবে। এটাই কিন্তু সব দেশের সরকারের দ্বায়িত্ব কর্তব্য।

বর্তমানে মহান সৃষ্টিকর্তার দয়ায় আমাদের দেশে সেসব ঘুর্ণিঝড়, জলোচ্ছ্বাস, টর্নেডোর মতন কোনও প্রাকৃতিক দুর্যোগ দেখা দেয়নি। তবে ইদানিংকালে বিশ্বব্যাপী মহামারি আকারে যেই মরণঘাতী করোনা ভাইরাস দেখা দিয়েছে, সেটা এখন আমাদের দেশেও মহামারি আকার ধারণ করতে শুরু করেছে। বর্তমানে এটাও আমাদের জন্য একরকম দুর্যোগ। এই দুর্যোগের কবলে পড়ে সারাবিশ্বের সব দেশের মতো আমারও কাবু হয়ে যাচ্ছি। এই রোগে আক্রান্ত হয়েছে ৩৫জন। এপর্যন্ত মৃত্যু হয়েছে ৪ জনের।

বর্তমানে আমাদের দেশের সরকার এই প্রাণঘাতী নভেল করোনা ভাইরাস প্রতিহত করতে এবং দেশের জনসাধারণকে এই রোগ থেকে বাঁচাতে নানারকম পদক্ষেপ হাতে নিয়েছে। পাশাপাশি রোগ বিশেষজ্ঞ-সহ চিকিৎকরাও নানারকম পরামর্শ দিচ্ছে। যাতে সচেতনতার সাথে ধৈর্যসহকারে খুব তাড়াতাড়ি এই প্রাণঘাতী নভেল করোনা ভাইরাস কেভিড-১৯ রোগ প্রতিহত করা যায়।

কিন্তু দুঃখের কথা দুঃখের সাথে বলতে হয় যে, এর আগে আমাদের দেশে যখন কোনও দুর্যোগ দেখা দিতো; তখন সরকারের আদর- সোহাগ ভালোবাসা পাবার জন্য দেশের অনেক জননেতা, জননেত্রী ব্যানার টানিয়ে দুর্যোগ এলাকায় পরিদর্শন করতে এবং প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে অনেক সাহায্য সহযোগিতা করতো। পাশাপাশি দেশের বিশিষ্ট সমাজসেবকরাও মানবিকতার দৃষ্টান্ত স্থাপনের লক্ষ্যে নিজ নিজ তহবিল থেকে নানারকম সাহায্য করতো। অনেকেই দিতো নানারকম খাদ্যসামগ্রী।

কিন্তু বর্তমান এই সংকটময় সময়ে দেশের নির্বাচিত সরকারও এদেশের গরিব মানুষদের নভেল করোনা ভাইরাস প্রতিহত করার জন্য কোনও প্রয়োজনীয় উপকরণ সাহায্য করছে না। এই সংকটময় সময়ে দেখা যাচ্ছে না এদেশের কোনও রাজনৈতিক ব্যক্তি, বিত্তবানদের। শোনা যাচ্ছে না যে, সরকার বিনামূল্যে এটা দিচ্ছে। এই নেতায় ওটা দিচ্ছে। সেই নেতায় সেটা দিচ্ছে। কই, কেউ তো এখন পর্যন্ত কোনও জায়গায় গিয়ে কাউকে একটি মাস্কও কারোর হাতে তুলে দেয়নি? বরং ক্ষমতার আসনে বসে বসে বড় বড়ে বুলি ছেড়ে বলছে, “আমাদের সরকার করোনা ভাইরাসের চেয়েও শক্তিশালী!” আবার কেউ বলছে, “করোনা ভাইরাস নিয়ন্ত্রণে আমেরিকা-ইতালির চেয়ে আমরা বেশি সফল।” তাঁদের এসব বড় বড় বুলি আমরা সাধারণ জনগণ ভক্তিভরে শ্রবণ করছি, আর করোনা ভাইরাসের সাথে লড়াই করে মরছি।

এই সংকটময় সময়ে প্রশ্ন করতে ইচ্ছে করে, তাঁরা রাজনৈতিক ব্যক্তিরা, ব্যবসায়ীরা, সমাজসেবকরা মানবাধিকারের মহান মানবগোষ্ঠীরা এখন কোথাও? তাঁরা কি নভেল করোনা ভাইরাসের ভয়ে হাতপা গুটিয়ে ঘরবন্দী হয়ে বসে আছে? সরকারের পাশাপাশি তাঁরা কি পারে না জায়গায় জায়গায় গিয়ে করোনা ভাইরাস প্রতিহত করার জন্য কিছু প্রতিরোধক উপকরণ এদেশের জনগণের হাতে তুলে দিতে? যেখানে এদেশে শীত মৌসুমে সামান্য শৈত্যপ্রবাহ দেখা দিলে কত নামীদামী ব্যক্তিবর্গ ছোঁড়া-ফাঁড়া কিছু কম্বল বিতরণ করার জন্য মানুষকে ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড় করিয়ে রেখেছিল, আজ দেশের এই ক্লান্তি লগ্নে তাঁরা হাতপা গুটিয়ে ঘরে বসে বসে করোনা ভাইরাসের ভয়ে মহান সৃষ্টিকর্তার কাছে করুণা চেয়ে চেয়ে মরছে।

পরিশেষে একটা কথাই বলতে চাই, তা-হলো আপনারা বিত্তবান বিত্তশালীরা নিজ ঘরে নিত্যপ্রয়োজনীয় খাদ্য দ্রব্যাদি মজুদ করে ঘরেই বসে থাকুক! তামশা দেখুন! আর বসে বসে মহান সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করুন, যাতে আমরা এদেশের গরিব মানুষেরা করোনা ভাইরাসের সাথে লড়াই করে আপনাদের বাঁচতে পারি।

মনে রাখবেন এদেশের রাজনৈতিক ব্যক্তিবর্গ-সহ বিত্তবান ব্যক্তিরা, প্রাকৃতিক দুর্যোগ আর মহামারি রোগ কোনও দেশের ধর্ম, বর্ণ, জনগোষ্ঠীর নির্ধারিত হয়ে জন্য আসে না। যখন আসে তো ধনী গরিব সবাইকেই ক্ষতিগ্রস্ত করে ফেলে। বর্তমান সময়ের এই মহামারি করোনা ভাইরাসও কিন্তু গরিব মানুষদের জন্য নির্ধারিত নয়। এই প্রাণঘাতী নভেল করোনা ভাইরাসের কবলে পড়েছে  সারাবিশ্বের মতন এদেশের সবাই।

তাহলে আপনারা এদেশের গরিব মানুষকে এমন সংকটময় সময়ে সাহায্য সহযোগিতা না করে; প্রাণঘাতী নভেল করোনা ভাইরাসের ভয়ে ঘরে বসে যতই মহান সৃষ্টিকর্তাকে ডাকুন-না-কেন– মহান সৃষ্টিকর্তার কৃপায় এই প্রাণঘাতী রোগ থেকে এদেশের গরিব মানুষেরাই মুক্তি পাবে। হয়তো আপনারই এই প্রাণঘাতী নভেল করোনা ভাইরাসে আক্রান্ত হতে পারেন। মহান সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করি, তা যেন না হয়! মহান সৃষ্টিকর্তা যেন এই প্রাণঘাতী নভেল করোনা ভাইরাস থেকে বিশ্ববাসীকে রক্ষা করে। মহান স্রষ্টা সবার সহায় হোক!

---

Comments: 19 — https://sonelablog.com/%e0%a6%95%e0%a6%b0%e0%a7%8b%e0%a6%a8%e0%a6%be-%e0%a6%ad%e0%a6%be%e0%a6%87%e0%a6%b0%e0%a6%be%e0%a6%b8%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%b8%e0%a6%be%e0%a6%a5%e0%a7%87-%e0%a6%b2%e0%a7%9c%e0%a6%be%e0%a6%87/#comments
