# করোনালাপ……(৩)

- Author: [ছাইরাছ হেলাল](https://sonelablog.com/author/sairashelal/)
- Published: 2020-04-02T12:21:26+00:00
- Updated: 2020-04-02T14:25:05+00:00
- Category: [একান্ত অনুভূতি](https://sonelablog.com/category/misc/personal/)
- URL: https://sonelablog.com/%e0%a6%95%e0%a6%b0%e0%a7%8b%e0%a6%a8%e0%a6%be%e0%a6%b2%e0%a6%be%e0%a6%aa%e0%a7%a9/

---

 

ন্যায্যতার কথা ভাবতে ভাবতে ঘুমুতে ইচ্ছে করছে না, আজ আর,  
সুখ-মৌমাছি, স্বপ্নের মৌ-মৌ মৌচাক! নাহ্‌, সব পানসে,  
বীর-দর্পে খেলে যাচ্ছে/খেলে দিচ্ছে করোনা!  
যতই ভাবি/বলি করোনা তোমার খাওয়া নেই,  
কে শোনে কার কথা, পৃথিবীর এ প্রান্ত থেকে ঐ প্রান্ত  
শুধুই আর্তের মরণ চিৎকার, রুদ্ধশ্বাসে।  
(তাচ্ছিল্যের ক্রুর হাসি, করোনা-মুখে)

দাম্ভিক/দর্পি রুজভেল্ট থেকেও আজ কান্না ভেসে আসছে  
রাজাধিরাজ এক লক্ষ/দু’লক্ষ প্রাণ করোনা -মুখে ছুঁড়ে দিয়ে  
আপোষের অসহায়-প্রস্তাবে জানাচ্ছে বাঁচার আকুতি;

সুদূরের দিগন্তে পরিপূর্ণ নৈঃশব্দের গান ভেসে বেড়াচ্ছে  
পৃথিবীর তাবৎ মহা মহা বিজ্ঞানীরা আজ দিশেহারা,  
লাগাম পড়ানো যাচ্ছে-না, তুমুল অশ্বারোহী এক দৈত্যকে;  
বেঁচে থাকার বীজ-গান আর কত দূরে কেউ জানে-না,  
জেনে যাব হয়ত কোন একদিন  
কাতার কাতার সারিবদ্ধ লাশের মর্মস্পর্শী চিত্র ছুঁয়ে;

ঝর্ণা-জলের মৃত্যুর হিম স্রোতে দারুণ অমিশ্রিত ভাবে  
ভেসে যাচ্ছে শুকনো পাপড়ি আর হলদে পাতার মিছিলে।

(অসভ্য)করোনা তুমি কি ক্যাসানোভার পরমাত্মীয়?

ছবি……..নেট থেকে।

---

Comments: 36 — https://sonelablog.com/%e0%a6%95%e0%a6%b0%e0%a7%8b%e0%a6%a8%e0%a6%be%e0%a6%b2%e0%a6%be%e0%a6%aa%e0%a7%a9/#comments
