# কয়েকটি টুকরো অনুভব(প্রেম বিরহ মিলে মিশে একাকার)

- Author: [সুরাইয়া পারভীন](https://sonelablog.com/author/sparvin19/)
- Published: 2020-09-21T14:23:00+00:00
- Updated: 2020-09-21T14:31:18+00:00
- Category: [একান্ত অনুভূতি](https://sonelablog.com/category/misc/personal/)
- URL: https://sonelablog.com/%e0%a6%95%e0%a6%af%e0%a6%bc%e0%a7%87%e0%a6%95%e0%a6%9f%e0%a6%bf-%e0%a6%9f%e0%a7%81%e0%a6%95%e0%a6%b0%e0%a7%8b-%e0%a6%85%e0%a6%a8%e0%a7%81%e0%a6%ad%e0%a6%ac/

---

***এক***

আহ্! যদি নীল হতাম; শরতের এই আকাশে

তবে হাওয়ায় ভাসা তুলোর মতো-

শুভ্র মেঘকে বুকে ধরে রাখতাম খুব করে!

***দুই***

যাকে ভেবে কাটছে দিন,

যার জন্য জমছে বুকে-

অজস্র যন্ত্রণার ঋণ!

সে কী তোমায় ভালোবাসে শর্তহীন?

কাছে পেতে চায় অন্তহীন?

***তিন***

আমার শহরে নির্জন নিস্তব্ধ রাতের সাথে-

ভেসে আসে তাহার নিঃশ্বাসের উষ্ণ স্পর্শ!

মৃদু কুয়াশাচ্ছন্ন ভোরের শিশিরের সাথে-

নেমে আসে তাহার আলিঙ্গনের উষ্ণ শিহরণ!

***চার***

তুমি নেই ভাবতেই…

কান্নারা মিছিল করে এসে চোখের পাতায়

কষ্টরা আন্দোলন করে নেমে মনের রাস্তায়

যন্ত্রণারা অনশন করে বসে হৃদয়ের আঙ্গিনায়

***পাঁচ***

হাত বাড়িয়ে দুঃখ ছুঁয়েছি,

মন ছুঁয়েছি ভালোবাসায়!

দুঃখভরা ভালোবাসার ছোঁয়া পেতে-

আমার আমি’কে  নীল কঙ্কণে জড়াই!

***ছয়***

আঙ্গুলের ডগায় শব্দের নাচুন নেই

নেই অজস্র বাক্যের স্তর বিন্যাস

মস্তিষ্ক জুড়ে আষ্টেপৃষ্ঠে চলছে

শুধু খাঁ খাঁ শূন্যতা আর শূন্যতা বাস!

***সাত***

কত শত কল্প-কথার জল্পনা

হৃদয়ে এঁকে যায় প্রেমের আল্পনা

***আট***

প্রিয় ফুল হাতে নিয়ে-

তোমারই অপেক্ষায় প্রহর গুনছি প্রিয়!

জানি তুমি আসবে, ঠিক আসবে

কোনো এক শিউলি ঝরা শরৎ পাতে!

***নয়***

আমিও একদিন কাশফুল হয়ে-

ফুটেছিলাম  তুলশী গঙ্গা নদীর তীরে।

হাওয়ায় দুলে মন রাঙিয়ে ছন্দ তুলেছিলাম-

কতো শতো প্রেমিকের হৃদয়ে!

হয়তো কোনো প্রেমের কবি কাশফুল ভালোবেসে,

দু’চারটে কবিতাও লিখেছিলো আমায় নিয়ে!

***দশ***

প্রিয় স্নিগ্ধ ভালোবাসার পবিত্রতায়;বেঁধে রেখো অশান্ত অবাধ্য উড়নচণ্ডী এই আমায়!

শ্বাস কষ্টে ভোগা এই আমি’র; বিশুদ্ধ অক্সিজেন

হিসাবে আমৃত্যু তোমাকেই চাই!

***এগারো***

এই জানো জানো…..

দখিন জানালার কার্নিশ বেয়ে

চাঁদের আলো চুপিচুপি এসে

আমার ঘরে ঢুকেছে; চোখের পাতা ছুঁয়েছে

আমার অধর ছুঁয়েছে; ছুঁয়েছে নগ্ন চিবুক

***বারো***

আমি মনের চোখে দেখেছি

তোমার ঐ ঘুমন্ত মায়াময় দুটি আঁখি

কি অদ্ভুত মায়া ছিলো সেখানে লুকায়িত!

আহ্! আমি পরিতৃপ্ত প্রশান্ত মনে-

অতি সন্তর্পনে আলতো করে অধরে অধর ছুঁয়ে

চুপিচুপি পিছু ফিরে এসেছি!

***তেরো***

আমায় রিক্ত করে, অশ্রু জলে সিক্ত করে

হৃদয়ের উঠান ছেড়ে নিরবে চলে গেছে যে!

সে কেনো আসে ফিরে?

নীলাকাশের মেঘ হয়ে, বাতাসের গন্ধে মিশে

অআধার মানিক হয়ে, তটিনীর বুকে ভেসে

***চৌদ্দ***

জানি না সে কে ছিল?

যে আবার নতুন করে-

পুরোনো জরাজীর্ণ ফেলে আসা;

ভুলে যাওয়া নাম ধরে ডাক দিয়ে

হারানো শিহরণ ফিরিয়ে দিল!

***পনেরো***

তুমি আমার হবে;

এটুকু নিশ্চয়তা পেলে

সাদা পায়রার মত উড়াল-

দেবো একলা আকাশে!

***ষোলো***

যদি তুমি আমার হতে!

নীল ছিটানো আকাশ পথে,

শুভ্র মেঘের ভেলায় চেপে;

পাড়ি জমাতাম মহাকাশে!

---

Comments: 29 — https://sonelablog.com/%e0%a6%95%e0%a6%af%e0%a6%bc%e0%a7%87%e0%a6%95%e0%a6%9f%e0%a6%bf-%e0%a6%9f%e0%a7%81%e0%a6%95%e0%a6%b0%e0%a7%8b-%e0%a6%85%e0%a6%a8%e0%a7%81%e0%a6%ad%e0%a6%ac/#comments
