# কবিতা-ছায়ামূর্তির শীতার্ত আমন্ত্রণ

- Author: [ছাইরাছ হেলাল](https://sonelablog.com/author/sairashelal/)
- Published: 2020-03-07T15:33:27+00:00
- Updated: 2020-03-07T15:38:23+00:00
- Category: [রম্য](https://sonelablog.com/category/literacy/funny/)
- URL: https://sonelablog.com/%e0%a6%95%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%a4%e0%a6%be-%e0%a6%9b%e0%a6%be%e0%a7%9f%e0%a6%be%e0%a6%ae%e0%a7%82%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%bf%e0%a6%b0-%e0%a6%b6%e0%a7%80%e0%a6%a4%e0%a6%be%e0%a6%b0%e0%a7%8d/

---

 

আধার-সকালে হিমেলের গুঁড়ি-গুঁড়ি/ঝিরি-ঝিরি বৃষ্টিতে  
কবিতা হেঁটে যাচ্ছে কুটিপাটি হাসি চেপে,  
এড়িয়ে যাবার ছল/ভান করে!

**সিলি পয়েন্টে দাঁড়িয়ে তীর-ছোড়া -চোখে তাকিয়ে, ডাকি,  
এইইইইইইইইই কবিতা, ভিজে লেপ্টে আছো তো;  
বেশ দেখাচ্ছো/দেখছি কিন্তু, থেমে যাও-না একটু,  
বাণ ছুড়ে চোখে চোখ রাখি; হৃদয়ে হৃদয়;

*ছিছিছি, এ নিবির-আলো-বেলার দীঘল সকালে  
এমন করে, কেউ দেখে/বলে না-কী!  
কবিদের এই বিশ্রী স্বভাব, মুহূর্তে লটকে যাবে/লটকে ফেলবে,  
দেখছি ঢের এসব, সুবিধে হবে-না/দেবো-ও-না,  
বৃষ্টি ধরে এসেছে, গেলাম এবারে।

**(পথ আগলে দাঁড়িয়ে)যদি যেতে না দেই,  
এই নাও আতরদানি, সুরমাদানি, পানের বটুয়া, গ্রাচুইটি,  
চিনেমাটির বাসনকোসন আর বাংলাদেশ ব্যাংক,  
সব দিতে চাই, দিয়ে-ও দিচ্ছি;

*ভিক্ষুক সমিতির প্রধানের মত কাঁচুমাচু তেলচুকচুকে নিবেদন  
দেখেছি প্রচুর, কাছে ডেকে আড়ালে আবডালে/জনসম্মুখে  
ফাউন্টেনপেনের তীব্র খোঁচায় অনুবাদ করে দিতে চায়  
কবিতার প্রতিটি ভাঁজের পুরোটাই, নৃশংস গরিমাতে,  
নিষেধের-না মেনে-টেনে;

*সেবারের গন মন্বন্তরের কালে এসেছিল হীন-বীর্য, দুষ্প্রবৃত্তি,  
হারামজাদা, নিচু-মনা, লম্পট, লোল জিহ্বার জিম্মাদার কবিকুল,  
বলেছিল খরা-প্রবণ নিষ্ফলা জমিতে বীজ ফেলে/বুনে  
ফসলের বাণ বইয়ে দেবে,  
আস্তাকুড়-পরিণতি দেখেছি/দেখেছে সবাই;

**(বাপ্রে, এ তো বহু ঘাটের জল/পানি খাওয়া কুহকের কলহ-বিশারদ)  
কবি-টবি কিচ্ছু না (আমি), কবিতা-পথে উঁকিঝুঁকি দেই-নি,  
দেব-ও-না কোনদিন, লেখা-ফেখা দূর-নাস্তি,  
এই দেখ বুক পকেটে ভরপেট কালি-ওয়ালা কলম-ও নেই,  
যুদ্ধ-টুদ্ধ শিখি-ই-নি, গেরিলা বা সম্মুখ (দিব্যি দিচ্ছি),  
এই দ্যাখো সাদাটে বেলুন, আঙ্গুলে ওড়াচ্ছি;

*এমন তুরীয় প্রত্নদিনে চলো-যাই, উলানবাটর;

**শান্তি, শান্তি, শান্তি; ধনুকে ঠিকঠাক এঁটে যাবে তীর এবার!

---

Comments: 20 — https://sonelablog.com/%e0%a6%95%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%a4%e0%a6%be-%e0%a6%9b%e0%a6%be%e0%a7%9f%e0%a6%be%e0%a6%ae%e0%a7%82%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%bf%e0%a6%b0-%e0%a6%b6%e0%a7%80%e0%a6%a4%e0%a6%be%e0%a6%b0%e0%a7%8d/#comments
