# কবিতায় পবিত্র পাঠ

- Author: [ছাইরাছ হেলাল](https://sonelablog.com/author/sairashelal/)
- Published: 2021-04-29T11:47:01+00:00
- Updated: 2021-05-01T02:47:18+00:00
- Category: [একান্ত অনুভূতি](https://sonelablog.com/category/misc/personal/)
- URL: https://sonelablog.com/%e0%a6%95%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%a4%e0%a6%be%e0%a7%9f-%e0%a6%aa%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%b0-%e0%a6%aa%e0%a6%be%e0%a6%a0/

---

 

তছনছ করা জাস্তি রাধাচূড়া,গুচ্ছের কদম-সুঘ্রাণ,  
খরাঋতুতে বৈশাখী ঝড়ে পাল উড়িয়ে হেঁটে যাব নক্ষত্র পথে,  
নকশীকাঁথা-ভোর আমায় পথ দেখাবে, উচ্ছল হৃদ-স্পন্দনে;  
শরৎ-মেঘ পেছনে ফেলে এসেছি, হাবুডুবু জল-মেঘের প্রতীক্ষায়,  
উঠোন জুড়ে বর্ষণ-মুখর ভিজে যাওয়ার আবেগ আঞ্জাম,  
দোলন চাঁপা ঘুম সে-ও আসবে;

কিছু স্বপ্ন স্বপ্নেই থেকে যায়, সময়ের আলিঙ্গনে,  
সবুজ প্রান্তরের নীল-দিগন্ত বৃষ্টির ঝর্ণা হয়ে ধরা দেয়-না,  
ক্লান্তি-বিহীন শূন্যতা চোখের আড়াল হয়-না,  
পূর্ণতার আনন্দ অতি-সহ্যে, প্রচণ্ডতাভরা মুখে;  
নিঃসহায় সাঁজ বেলায় ভর করে নিঃসঙ্গতা বরাবরের দক্ষিণ দুয়ারে,  
মাটির শয়ানে, চমকে-ওঠা আমার চোখ অপরিচিততা ঘোষণা করে,  
মেঘজমা-আকাশ ভুলে যায় বৃষ্টিকে, ইচ্ছে ঘুড়ির মত;  
সাঁতার কাটে সুনামি-ঢেউ, চোরাবালির আধারে, দুর্বহ ফাঁদ, ঘন জালের;

এ কোন স্মৃতির যাদুঘর নয়, সম্বিত না হারিয়েই টের পাই,  
গা-ঘেঁসে দাঁড়িয়ে আছে কেউ এক-জন, মিশে আছে আমার সাথে  
সুহৃদ-স্বজন, পুনঃসৃজন পুনঃজাগরণের মত, ধূসর সোনালী আলো ফেলে,  
ফরাসী সুগন্ধ ঢেলে, জীবনের নিষ্প্রাণ প্রান্তরে;  
হাতে কবিতার চাবি নিয়ে, হাজার বন্ধ দরজা খুলে দেবে সে,  
নিঃশব্দ অহংকারে চোখের নিমিষে, মগজ বিনাশী পৌরুষে,  
চুপচাপ সুখ নিঃশ্বাসে; কালের/অনাগত কালের প্রতিধ্বনি থাকুক বা না-থাকুক;

কানে কানে বলি, এত তাড়া কিসের! সাবধানী হও,  
কবিতার কুড়িগুলো হাসুক ঘটা করে সবুজে সবুজে, অলৌকিক মিছমারে  
বিশেষিত-বিভাজিত হতে হতে শব্দ-স্বাদহীন হয়ে যেও-না।  
গোলাপ ফোটানো হাসিতে নিঃশব্দতা ছড়িয়ে  
শব্দ-ঝংকারে স্নায়ুর স্বাধীনতায় বলে ফেলে………  
শব্দরে তুহু মম শ্যাম সমান;

দু’ঠোঁট বরাবর আগুন চেপে ক্রোধসুন্দর দৃষ্টি মেলে আঙ্গুল উঁচিয়ে দেখালাম,  
ওই দূরে দেখ দেখ, জল প্রপাত, চাঁদ-ভাসা মেঘের মেলা,  
ছুটে চলা পাহাড়ি-ঝর্ণা, চৈত্রের পিঠা সোওয়ার হয়ে ভেসে চলা  
তীব্র বৈশাখ লুকিয়ে প্রমত্ত কাল বৈশাখীর আঁচল,  
চোখের গভীরে লুকিয়ে থাকা স্বপ্ন পরাভবের এক-সমুদ্র রঙের ঝিলিক;

উত্থিত প্রমত্ত আবেগে সূর্য শাসনের ন্যায় অপাপ বিদ্ধ চোখ তুলে  
প্রশ্ন রেখে বলে ওঠে, আমাকে কী এক্ষুণি কবিতা লিখে দেখাতে বলো?  
পারি কী না-পারি? কবিতা খুলতে পারেনা এমন কোন তালা  
ঈশ্বর তৈরি করেনি, করেছি কী? আমি তো  তা জানিনা।

প্রতিদিনের পবিত্র পাঠে আবৃত্তি থাকে, সে-তো আমরাই জানি।  
১৮:২৭, ১৯:৫৮, ২২:৫২/৭২, ২৮:৫৯, ২৯:৪৫/৫১।

ছবি নেটের।

---

Comments: 16 — https://sonelablog.com/%e0%a6%95%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%a4%e0%a6%be%e0%a7%9f-%e0%a6%aa%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%b0-%e0%a6%aa%e0%a6%be%e0%a6%a0/#comments
