# কবিতার ফুলদানি

Author: ছাইরাছ হেলাল
Published: 2022-06-30
Category: একান্ত অনুভূতি
URL: https://sonelablog.com/%e0%a6%95%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%a4%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%ab%e0%a7%81%e0%a6%b2%e0%a6%a6%e0%a6%be%e0%a6%a8%e0%a6%bf/

একটুখানি ধ্বনিত প্রতিধ্বনি শুনতে পাই,  
পদশব্দ, করতালি, পাখিদের ডানা-ঝাপটানো, শিশিরের টুপটাপ  
কুয়াশা সত্যের কাছে আজ সব-ই বিস্মৃতির মত,  
আলপথের বাঁকে বাঁকে।

শুরু দিনের ক্রম আলোফোটার মত ভাবনাগুলো বেড়ে ওঠে  
শিরায় শিরায় স্নায়ু স্নায়ুতে, কিছু-না-কিছু লিখতে চায়, বলতে-ও চায়।  
এখানে-ও কুয়াশার আড়াল, অ-অনুমোদন যোগ্যতায়;  
ঐক্যমত্য হয়-না হয়-নি উৎকর্ষতার শর্তে,  
হৃদয়ের আলোকিত উচ্চারণে, ব্যর্থ বিশুদ্ধতার আড়ালে।

তবুও হৃদ-শব্দেরা হাঁটে অক্লান্ত পায়ে  
ঝিঁঝিঁ পোকা আর পাখিদের কিচির মিচিরে;  
এমন বর্ণিল বিচ্ছুরণে কে-না-চায়, বলি বা না-বলি  
স্তব্ধতার ইতিহাসে, চিলেদের আকাশে এখন মেঘেদের সারি ।

এ লোকালয়ে হাজির স্মৃতির আলপথ বেয়ে দুর্নিবার দুঃখবোধের বার্তা,  
নদ নদীদের ঢেউ জল পেড়িয়ে;  
এখন প্রতিনিয়ত বিস্মৃত হই, স্বপ্ন ও বাস্তবতা দুই-ই;  
ছুঁয়ে যাওয়া শরীরী অশরীরী দৃষ্টির উপর ছড়িয়ে থাকা শব্দ অস্তিত্ব।

পিছলে পড়া আলোর ভুবনে কবিতারা বেঁচে বর্তে থাকে অদৃশ্য সত্যের মত  
অন্তঃস্থ ও বহিঃস্থ অস্তিত্বে, বিষণ্ণ বাতাসে, নিশ্চিত বিষণ্ণ মনের স্পর্শ প্রতিফলনে;

বৃষ্টি-বন্যার আবাহনে সমুদ্রে ভেসে থাকা কবিতা-স্ফটিকের-ফুলদানিটি  
দৃষ্টির গোচরেই থাকে, জরাজীর্ণের এই জন্মশহরে;

ছবি নেটের।
