# কবিতায় বসত

- Author: [সুপর্ণা ফাল্গুনী](https://sonelablog.com/author/suparna-falguni/)
- Published: 2021-08-02T16:40:06+00:00
- Updated: 2021-08-03T04:37:33+00:00
- Category: [কবিতা](https://sonelablog.com/category/literacy/poetry/)
- URL: https://sonelablog.com/%e0%a6%95%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%a4%e0%a6%be%e0%a6%af%e0%a6%bc-%e0%a6%ac%e0%a6%b8%e0%a6%a4/

---

 

তুমি আছো গ্রীষ্মের তীব্রতায়, আছো পৌষের শৈত্যপ্রবাহে।  
তুমি আছো হেলেনের ট্রয় নগরীর বুকে-  
আছো ঐতিহাসিক মহেঞ্জোদারোর অতল মানচিত্রে;  
তুমি আছো ভিসুভিয়াসের নিবিড় , শান্ত বলয়ে।  
তোমার বুকের অজস্র শব্দের ঝংঙ্কার-  
অন্তরিন্দ্রিয়ে বাঁশরী বাজে রাখালের অতৃপ্ত অধর ছুঁয়ে;  
তুমি আমার ক্ষতবিক্ষত হৃদয়ের বালুকাবেলা;  
তোমায় ছুঁয়ে হাজারো প্রেমিক-যুগল হংসমিথুন সেজে –  
কৃষ্ণ কালো মেঘের সরোবরে জলকেলি খেলে।  
তুমি আছো লোনা জলে ভেজা কপোলের খাদে,  
জোনাকির জ্বলে ওঠা মায়াবী আলোকসজ্জায়।

তুমি আছো পুরাণের উপাখ্যান জুড়ে-  
আছো শানবাঁধানো ঘাটের বিরহী শালিকের বেশে;  
তোমায় নিয়ে দ্বিগবিদিক- পীচঢালা পথের পাগল।  
তোমার বুকের বহ্নিশিখায় জ্বলছে অবিরত-  
মুক্তির শপথে উদ্ভাসিত লক্ষ সজীব প্রাণ।  
তুমি আছো স্বাধীনতার বিজয়-অশ্রুগাঁথায়;  
তুমি আছো কোকিলের কুহু কুহু তানে-  
আছো তিন-প্রহরের লজ্জাহীন শাপলা-শালুকের আমন্ত্রণে।  
তোমার আঁচলে নীলপদ্ম ফোঁটে নব-আলোড়নে;  
তুমি পরিযায়ী ডানায় ক্ষুধার্তের আকুলতা;  
তোমার জমিনে নতুনের কেতন ওড়ে নবান্নের উৎসবে।

তুমি আছো রজঃস্বলা পূর্ণিমার উলঙ্গ চাঁদের আবক্ষ জুড়ে;  
আছো অমাবস্যার ঘুটঘুটে উড়ানিতে।  
তোমার জরায়ুতে ঘুমিয়ে আছে অনাগতের আগমনী বার্তা;  
তুমি আছো রাধা-কৃষ্ণের প্রেমলীলায়, আছো চন্ডীদাস-রজকিনীর অপেক্ষার প্রহর জুড়ে।  
একাকীত্বের মূর্ছনায় শব্দের মাতন ছড়িয়ে দাও বেলাশেষের গোধূলি-আবিরে।  
সন্ধ্যার শাঁখ-উলুধ্বনিতে মিশে আছো প্রদীপের আলোয়;  
দিগন্ত জোড়া ঢেউ খেলানো সবুজের পাড় আর হলুদাভ জমিন ঘিরে রয়েছো অনাদিকাল।  
ভাটিয়ালি, ভাওয়াইয়ার স্বরলিপিতে তোমার অবগাহন অষ্টপ্রহর;  
তুমি আছো উত্তপ্ত মরুর বুকে, আছো বরফে আচ্ছাদিত পেঙ্গুইনের রাজকীয় চলনে।

সুউচ্চ পিরামিডের নৈস্বর্গিক দৃশ্যে তোমার পদচারণা অবিরত।  
তুমি আছো নায়াগ্রার জলপ্রপাতের আত্মহননে; তুমি আছো মিশে আমাজনের অক্সিজেন ভান্ডারে।  
ইংলিশ চ্যানেলের অদম্য সাঁতারুর বুকে তুমি সাহসের বহ্নিশিখা;  
তুমি দশ মাস, দশ দিন মাতৃ-জঠরে লালিত স্বপ্নের বুনিয়াদ।  
কবিতা তুমি আমার বসন্তের ফল্গুধারা,  
শ্রাবণের অঝোর বারিধারা।  
কবিতা তোমায় নিয়ে সময়ের পেন্ডুলাম বয়ে চলে সুপ্রাচীন থেকে অসীমে।

ছবি-গুগল

---

Comments: 27 — https://sonelablog.com/%e0%a6%95%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%a4%e0%a6%be%e0%a6%af%e0%a6%bc-%e0%a6%ac%e0%a6%b8%e0%a6%a4/#comments
