# কথা দিলাম

- Author: [অনন্য অর্ণব](https://sonelablog.com/author/ananno-arnob/)
- Published: 2019-10-31T01:58:37+00:00
- Updated: 2019-10-31T01:58:37+00:00
- Category: [কবিতা](https://sonelablog.com/category/literacy/poetry/)
- URL: https://sonelablog.com/%e0%a6%95%e0%a6%a5%e0%a6%be-%e0%a6%a6%e0%a6%bf%e0%a6%b2%e0%a6%be%e0%a6%ae/

---

 

হয়তো একদিন ফিরে যাবো-  
তোর বুকের গভীরে প্রজ্জ্বলিত উন্মত্ত আগ্নেয়গিরির –  
দরজাটা খুলেই রাখিস,  
আমি তোর মুখপানে নিমগ্ন দৃষ্টি রেখে –  
হাসতে হাসতে ঝাঁপিয়ে পড়বো ঐ অগ্নিগর্ভে।।

তুই শুধু তোর পাঁজরে জ্বলা লেলিহান অগ্নিকুন্ডের-  
দোপাট্টার দেরাজটা খুলে রাখিস ।।

শুনেছি আজকাল নভেম্বরের বৃষ্টিতে ও নাকি-  
বিমগ্ন উঠতি বয়সের কাপলরা ভিজতে ভালোবাসে,  
আর জ্যৈষ্ঠের ভরা বাদলেও তুই-  
নিজেকে আগলে রেখেছিলি ছাই-চাপা কয়লার উনুনে।।

আমি তৃষ্ণাকাতর হয়ে ছুটে গিয়েছিলাম ঐ  
ভরা যৌবনা যমুনার উত্তর বাহুপাশে,  
আর সলিল সমরে দেখি উদ্গিরীত লাভা’য়  
সাঁতার কাটা কঙ্কালগুলো হাবুডুবু খেয়ে ফিরে যায় ।।

আমি ঠাঁই দাঁড়িয়ে থাকি তৃষ্ণার্ত হৃদয়ে –  
যদি কখনও সুমিষ্ট নহর প্রবাহ বয়ে আসে সেই প্রতীক্ষায়।।

তবু আমি আসবো ফিরে- কথা দিলাম ,  
আসছে বসন্তে ডালিয়ার পাপড়ি বেশে তোর আঙিনায় ,  
তুই জ্বেলে রাখিস তোর সমস্ত অগ্নিশিখার কুন্ডলী –  
আমি হাসতে হাসতে নিজেকে বিসর্জন দেবো  
তোর সে বুকের অনলে।।

রচনা কাল ৩১/১০/২০১৭

Photo- collected from internet.

 

---

Comments: 22 — https://sonelablog.com/%e0%a6%95%e0%a6%a5%e0%a6%be-%e0%a6%a6%e0%a6%bf%e0%a6%b2%e0%a6%be%e0%a6%ae/#comments
