# ও মেয়ে  তোর ধর্ম কী?

Author: খসড়া
Published: 2016-03-28
Category: বিবিধ
URL: https://sonelablog.com/%e0%a6%93-%e0%a6%ae%e0%a7%87%e0%a7%9f%e0%a7%87-%e0%a6%a4%e0%a7%8b%e0%a6%b0-%e0%a6%a7%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%ae-%e0%a6%95%e0%a7%80/

ও মেয়ে তোর বয়স কতো?  
– কী জানি গো! মা থাকলে বলে দিতো!

সেই যে বারে দাঙ্গা হলো,

শ‘য়ে শ‘য়ে লোক মরলো,  
হিন্দুদের ঘর জ্বললো, মুসলমানদের রক্ত ঝরলো,  
তখন নাকি মা পোয়াতী!  
দাঙ্গা আমার জন্ম তিথী!

ও মেয়ে তোর বাবা কোথায়?  
– মা বলেছে, গরীবদের বাবা হারায়!  
কেউ তো বলে বাপটা আমার হারামী ছিলো,  
মায়ের জীবন নষ্ট করে অন্য গাঁয়ে ঘর বাঁধলো!  
মা বলতো – শিবের দয়ায় তোকে পেলাম,  
শিবকেই তাই বাপ ডাকলাম!

ও মেয়ে তোর প্রেমিক আছে?  
ছেলেরা ঘোরে ধারে কাছে?  
– প্রেমিক কী গো?  
মিষ্টি মিষ্টি কথা বলে  
স্বপ্ন দেখায় দিন দুপুরে?  
চুড়ি কাজল মেলাতে কেনায়?  
ঝোপের ধারে জামা খোলায়?  
ওসব নন্দ কাকা করেছে দু‘বার,  
প্রেমিক ওকেই বলবো এবার!

ও মেয়ে তোর পদবী কি?  
বাপই নাকি দেয় শুনেছি!  
– পদবী থাকলে ভাত পাওয়া যায়?  
বাপের আদর কাঁদায় হাসায়?  
ওটা কি বাজারে মেলে?  
কিনবো তবে দু-দশে দিলে!  
দামী হলে চাই না আমার,  
থাক তবে ও বাপ ঠাকুরদা‘র!

ও মেয়ে তুই রূপসী?  
– লোকে বলে ডাগর গতর সর্বনাশী,  
রূপ তো নয় চোখের ধাঁধাঁ,  
যৌবনেতে কুকুরী রাঁধা!  
পুরুষ চোখে ইশারা আসে!  
সুযোগ বুঝে বুকে, পাঁছায় হাতও ঘষে!  
রূপ কী শুধুই মাংসপেশী?  
তবে তো আমি খুব রূপসী!

ও মেয়ে তোর ধর্ম কি রে?  
– মেয়ে মানুষের ধর্ম কী গো! সবকিছু তো শরীর ঘিরে!  
সালমা বলে ধর্ম ওই সমাজ বানায়,  
সন্ধ্যে বেলায় যখন বাঁড়া দাঁড়ায়,  
কেউ তো বলে না, হিন্দু নাকি?  
সবাই বলে, কতোয় যাবি?  
বিছানা নাকি ধর্ম মেলায়,  
শরীর যখন শরীর খেলায়!  
তাই ভাবছি এবার থেকে ধর্ম বলবো,  
শরীর কিংবা বিছানাকে।

\_-\_—\_——+++-+++———–    শ্বতাব্দী রায়
