# ঐ ডাকে নীলের সমুদ্র

- Author: [ছাইরাছ হেলাল](https://sonelablog.com/author/sairashelal/)
- Published: 2019-04-29T15:46:18+00:00
- Updated: 2019-04-30T02:19:05+00:00
- Category: [একান্ত অনুভূতি](https://sonelablog.com/category/misc/personal/)
- URL: https://sonelablog.com/%e0%a6%90-%e0%a6%a1%e0%a6%be%e0%a6%95%e0%a7%87-%e0%a6%a8%e0%a7%80%e0%a6%b2%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%b8%e0%a6%ae%e0%a7%81%e0%a6%a6%e0%a7%8d%e0%a6%b0/

---

 

এসেছি বিকেল-সমুদ্দুরে, ডানা-মেলা-আনন্দে আনন্দ নিয়ে  
চোখে পুরে নিয়েছি গোটা নীলের-সমুদ্র, বাতাসে এলো-চুল বিছিয়ে;  
দিগন্ত ছুঁয়ে-ছুঁয়ে যাওয়া হাওয়া-উত্তল-জলরাশি,  
বিচ্ছুরিত ঢেউ আছড়ে পড়ছে ক্রমাগত হৃদ-সমুদ্রে হৃদ্দি হতে হতে  
গোলাপের-সুঘ্রাণ-উষ্ণতা নিয়ে, অপেক্ষার বীজ বুনছি।

হে দীঘল সমুদ্র, তুলে নাও আমাকে, একবার শুধু,  
আমি সমুদ্র-জল হয়ে শুধুই নীলে গড়াবো,  
বালিয়াড়ির ধার ধরে ধরে;  
চোখে তুলে নিয়েছি রঙিন চশমা, বঁধু বেশে;

নীলাকাশ ছোঁব বলে  
রূপানলে ছুটি, ছুটে যাই দিগ দিগন্ত পানে,  
ভুরু-ভঙ্গা হাসির নূপুরের রিনিঝিনি  
কাচ-পেয়ালা ভাঙ্গার ঝংকারের-শব্দ শুনি।

বুকের পাঁজরে ঝুলে থাকা আগ্নেয় শিলা  
নড়েচড়ে বসে, গরল-অমৃতের বিষ-বাষ্প ছড়িয়ে,  
লুকিয়ে থাকা অমৃত, চেখে নিতে চায় ঈর্ষার দহন-আগুনে।

ফিরে যাব মৃত্যু-উপত্যকায় ঐ নীল-সমুদ্র মাঝে  
বারে বারে, কোন এক কোজাগরী পূর্ণিমা-রাতে  
জমজম জলে ধুয়ে মুছে।

***************************************************  
চোখান!!  
এটি আসলে আমি না, মানে আমি লিখিনি,  
[শুন্য শুন্যালয়ের](https://sonelablog.com/author/sunnaloy007/) লেখাটি তাইপ করেছি মাত্র, উনি বিরাট ব্যস্ত-সমস্ত!!

---

Comments: 40 — https://sonelablog.com/%e0%a6%90-%e0%a6%a1%e0%a6%be%e0%a6%95%e0%a7%87-%e0%a6%a8%e0%a7%80%e0%a6%b2%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%b8%e0%a6%ae%e0%a7%81%e0%a6%a6%e0%a7%8d%e0%a6%b0/#comments
