# এ বিজয়

- Author: [প্রদীপ চক্রবর্তী](https://sonelablog.com/author/prodeep-chakraborty/)
- Published: 2020-12-16T03:58:51+00:00
- Updated: 2020-12-16T03:58:51+00:00
- Category: [কবিতা](https://sonelablog.com/category/literacy/poetry/)
- URL: https://sonelablog.com/%e0%a6%8f-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%9c%e0%a7%9f/

---

আমি সোনালী কবিতার ভিড়ে বিজয় দেখেছি।  
আমি বিজয় দেখেছি পল্লী তরণীর আঁখিপাতে।  
বিজয় দেখেছি আমি গ্রামবাংলার সবুজাভ মাঠে,  
বিজয় দেখেছি আমি কবির কাব্যপাঠে।

এ বিজয়  
ছাপ্পান্ন হাজার বর্গমাইল জুড়ে জয়বাংলার গান,  
এ বিজয় মানে তারুণ্যের কণ্ঠে শেখ মুজিবুর রহমান।  
চন্দ্র, সূর্য, গ্রহ, তারা হাসে বিজয়ের বেশে,  
স্বাধীন দেশের স্বাধীন নিশান উড়ছে আজ আকাশে, বাতাসে।

এ বিজয়  
উদিত সূর্যোদয়ের সোনালি ফুলের ঘ্রাণ,  
বিজয় তুমি যে লাখো শহীদের প্রাণ।  
এ বিজয়  
কবি বেশে জনসমুদ্র মঞ্চে শেখ মুজিবুর রহমান,  
আবালবৃদ্ধবনিতা মুক্তির সুরে গাইছে আজ বিজয়ের গান।

এ বিজয়  
সোনালি মাঠের কৃষকের মুখভরা হাসি,  
এ বিজয় ভোরের উদিত রবি।

এ বিজয়  
গর্জে ওঠা শহীদের একাত্তর,  
মম অন্তরে গ্রথিত তুমি, আছো নিরন্তর।  
এ বিজয়  
সোনালী মাঠে লাল সবুজের পতাকা,  
একখণ্ড সভ্যতার বুকে যেন চিরসাক্ষী হয়ে থাকা।

এ বিজয়  
কবির কবিতা,  
যার কাব্যিক পাঠে মন্ত্রমুগ্ধ শ্রোতা।  
এ বিজয়  
কাকডাকা ভোরে ৩১ বারের তোপধ্বনি,  
এ যে ঊনসত্তর হাজার লোকালয়ের কন্ঠধ্বনি।

এ বিজয়  
মুক্তিযোদ্ধার হাতে বিজয়ের বীরগাঁথা,  
বিজয় তুমি হৃদয়ের বাংলাদেশ ভুলবো না তোমার কথা।

বিজয় তুমি লালসবুজের বুকে চির বিজয়,  
যুগে যুগে ক্ষণজন্মা তাই তুমি,  
চির অক্ষয়।

---

Comments: 16 — https://sonelablog.com/%e0%a6%8f-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%9c%e0%a7%9f/#comments
