# এলো নতুন বছর

- Author: [সুপর্ণা ফাল্গুনী](https://sonelablog.com/author/suparna-falguni/)
- Published: 2020-01-01T15:05:46+00:00
- Updated: 2020-01-01T15:37:22+00:00
- Category: [কবিতা](https://sonelablog.com/category/literacy/poetry/)
- URL: https://sonelablog.com/%e0%a6%8f%e0%a6%b2%e0%a7%8b-%e0%a6%a8%e0%a6%a4%e0%a7%81%e0%a6%a8-%e0%a6%ac%e0%a6%9b%e0%a6%b0/

---

সপ্তডিঙায় করে এলোরে এলো নতুন বছর ।  
আবার সূর্যোদয়,সূর্যাস্তের বরন-ডালা নিয়ে।  
কেউ কাঁদবে,কেউ হাসবে;  
কেউবা হারাবে জীবন-সায়াহ্নে।  
শীত আসবে,গ্রীষ্ম আসবে;  
আসবে বসন্তের নতুন কোকিল-  
শোনাতে কুহু কুহু সুরে বসন্ত-বিলাস।  
সুখ আসবে, দুঃখ আসবে ;  
আকাশের সপ্তর্ষিমন্ডলে আহ্নিক-  
বার্ষিক গতির লুকোচুরি;  
প্রকৃতিতে দিবা-রাত্রির চলছে মহা আড়ি।  
জীবন-তরীর ভেলায় ভেসে আসবে রে আগন্তুক।  
রং আসবে,বেরঙ আসবে হৃদয়-আঙিনায়;  
মন-পবনের নায়ে ভাসবে স্বপ্নের সমাহার।  
দোয়েল-শালিকের শীষে সুমধুর কলতান;  
রংধনু পেখম মেলে নাচবে-  
নীলাম্বরী আকাশে দিয়ে হেলান।  
মেঘে মেঘে হবে আলাপণ;  
শ্রাবন বারিধারা পাবে নিমন্ত্রণ।  
কবিরা ঘটাবে কাব্যের ছন্দায়ন,  
গল্পকার লিখবে রূপালী জোছনার আহ্বান।  
প্রেমিক খুঁজবে উষ্ণতার চাদর ,  
প্রেমিকার ঠোঁটে ভালোবাসার আদর।  
কৃষানের উঠোনে ফসলের আগমন;  
নবান্নের উৎসবে ভরাবে অগ্রহায়ণ।  
সান্ধ্য-প্রদীপে আলোকিত আলয়;  
দূর হবে জীবনের উদ্দাম প্রলয়।  
আসবে প্রশান্তির আগমনী-বার্তা,  
ভাঙবে সুখের মৌনতা;  
ভুবন হাসবে খিলখিলিয়ে-  
জরা বেদনার চির বিদায়ে।

---

Comments: 27 — https://sonelablog.com/%e0%a6%8f%e0%a6%b2%e0%a7%8b-%e0%a6%a8%e0%a6%a4%e0%a7%81%e0%a6%a8-%e0%a6%ac%e0%a6%9b%e0%a6%b0/#comments
