# এলোমেলো কিছু কথা…**পনেরো**

- Author: [নীলাঞ্জনা নীলা](https://sonelablog.com/author/nilanjana/)
- Published: 2016-07-29T21:25:44+00:00
- Updated: 2016-07-29T21:27:01+00:00
- Category: [একান্ত অনুভূতি](https://sonelablog.com/category/misc/personal/)
- URL: https://sonelablog.com/%e0%a6%8f%e0%a6%b2%e0%a7%8b%e0%a6%ae%e0%a7%87%e0%a6%b2%e0%a7%8b-%e0%a6%95%e0%a6%bf%e0%a6%9b%e0%a7%81-%e0%a6%95%e0%a6%a5%e0%a6%be%e0%a6%aa%e0%a6%a8%e0%a7%87%e0%a6%b0%e0%a7%8b/

---

[!\[তীব্র বিচ্ছুরণ...(নিঃশ্বাস!!!)\](http://sonelablog.com/wp-content/uploads/2016/07/10569105_10203871346160451_3256893780504733870_n.jpg)](http://sonelablog.com/wp-content/uploads/2016/07/10569105_10203871346160451_3256893780504733870_n.jpg)

****তীব্র বিচ্ছুরণ…(নিঃশ্বাস!!!)****

অফিসে কাজ করছি, হঠাৎ মনে এলো মৃত্যুর কথা। ওয়াকারটার দিকে চাইলাম। যে সময় থেকে উঠে এসেছি আজ, এমন এক্সিডেন্টে আজ পর্যন্ত কেউ বাঁচেনি। হয় মৃত্যু, নয়তো একেবারেই পঙ্গু এবং অবশ্যই ব্রেন ডেমেজ। কেন বাঁচলাম? তার মানে এই পৃথিবীতে এখনও আমার প্রয়োজন আছে। আসলেই আছে, আমি না থাকলে বাপি-মামনিকে কে দেখতো? ঈশ্বর তো একজনকে উছিলা হিসেবে পাঠায়। আমি হয়তো সেই জন, নইলে বাঁচার কথা না। এক হাত দূরত্ত্বে, ৩৫ কি.মি স্পীডে বিশাল বড়ো একটা ভ্যান, এ কি করে সম্ভব!  যদি মরে যেতাম মাঝে-মধ্যে কেউ কেউ মনে করতো। কেউ বলতো ঠিক হয়েছে এর এমনই হওয়া উচিৎ ছিলো। আর কেউ কেউ বলতো, আহারে বড়ো ভালো ছিলো মেয়েটা! আর বেঁচে আছি এখন ভালো-খারাপ বলার চেয়ে এড়িয়ে গিয়ে কতো কতো মানুষ কতো রকমের যে সমালোচনা করে, কে জানে! মৃত্যু নাকি শয়তান মানুষকেও পূণ্যবান বানিয়ে দেয়? বিশ্বাস করি না। তাহলে রাজাকারদের মৃত্যুতে কেন এতো আনন্দ পাই? এই যে জঙ্গী ছেলেগুলো মরছে, পরিবার লাশ নিতে আসছে না। কেন বলি ঠিক হয়েছে? ওদের এমনই শাস্তি পাওয়া উচিৎ? তবে কিছু কিছু মৃত্যু জীবনে দাগ কাটে। ফেসবুকে কয়েকটি স্থির আইডি আছে, আমি যাদের রিমোভ করিনি। অনেকেই বলে এসব মৃত আইডি। কিন্তু আমি বলি মানুষ মরে যেতে পারে, কিন্তু আইডির মৃত্যু নেই।

***সুমনা মেহরুণ ঃ-***

[!\[নিষ্পাপতা...\](http://sonelablog.com/wp-content/uploads/2016/07/1915487_104395882908183_7674469_n.jpg)](http://sonelablog.com/wp-content/uploads/2016/07/1915487_104395882908183_7674469_n.jpg)

****নিষ্পাপতা…****

ক্ষণজন্মা সুমনা মেহরুণ, অসম্ভব প্রতিভাধর মেয়েটি লাশ হয়ে গেলো। আমি ওকে প্রায়ই চিঠি লিখি, বিশেষ করে ফাগুণে আর ওর জন্মদিনে। কি জানি চিঠি কি যায় ওর কাছে? কতো গল্প হতো সুমনার সাথে। আমি জীবনানন্দ নিয়ে থিসিস করার সুযোগ পেলাম, ওর সে যে কি আনন্দ! আমায় বইয়ের নাম পাঠানো, ঢাবি’র(ঢাকা বিশ্ববিদ্যালয়) কোন শিক্ষক এ ব্যাপারে সাহায্য করবেন তাঁদের সাথে যোগাযোগ করিয়ে দেয়া। তারপর বাসার ঠিকানা চাওয়া আমায় বই পাঠিয়ে দেবে। না দেখা, না ছোঁয়া, সরাসরি কথা না বলা মেয়েটি এতো আন্তরিক হতে পারে! মৃত্যুর একদিন আগে কথা হলো। সুমনা দারুণ লিখতো মেয়েটি। যেমন ইংরেজীতে, তেমনি বাংলায়। ওর প্রতিটি কবিতা আমার খুব প্রিয়। একটি কবিতা দিচ্ছি।

 

                                     ***মা***

(**কি অবলীলায়) বাঁধাকপি,পুড়ছে সবুজ …**

**কৈ মাছগুলো একটু আগেও লাফিয়ে,**

**দাপাচ্ছিল পুরো রান্নাঘর …**

**এখন জ্বলছে চুলো ফুটছে ভাত**

**গনগনে আগুন, লালচে মুখ…..মা….!**

** **

**গভীর রাত…তীব্র শীত… লেপের ওম**

**টিনের চালে পাতা ঝরার গান**

**বুক হিম করা পাখির আর্ত ডাক**

**কুকুরটা কেঁদে উঠলো, কেঁপে আমি**

**মাথায় বুলায় ভয় তাড়ানো হাত….মা……!**

** **

**পুকুর ঘাট..সাঁতার শেখা…জলের নাচ**

**বন্ধ চোখে ঘাট পারাপার …**

**ক্রমশ: ডোবা ,আবছা ছবি**

**আঁকড়ে ধরা…..মা …..!**

** **

**জ্বরে আগুন…পুড়ছে গা…চোখ ছলছল**

**তেতো ওষুধ, সাবুদানা, বার্লি গোলা**

**শীতল পানি….ভিজছে কপাল,মাথা ও চুল..**

**চোখ মেলেই উদ্বিগ্ন মুখ….মা…!**

** **

**নদীর ঘাট …বিদায় পালা ..অন্য বাড়ি**

**কোথায় এলাম …কোথায় গেল ?**

**আমার প্রিয় মা !!!**

***সাইফ ভূঁইয়া ঃ- ***

[!\[সাইফ দাদা...\](http://sonelablog.com/wp-content/uploads/2016/07/28810_103012733080373_8100626_n.jpg)](http://sonelablog.com/wp-content/uploads/2016/07/28810_103012733080373_8100626_n.jpg)

****সাইফ দাদা…****

সাইফ দাদা হাসি-খুশী মানুষটি হঠাৎ শুনি নেই। শুনেছিলাম খুব অসুস্থ উনি। দাদা আমার এমন কোনো লেখা নেই যা পড়তেন না। মন্তব্য করতেন। মাঝে-মধ্যে ইনবক্সে লিখতেন, “ও দিদিভাই কি করিস রে?” আমিও লিখতাম দাদা কিছুই না, খই যে ভাঁজবো ধানও নেই। কি করি বলো তো? হাসির সাইন দিতেন। বলতো, “এই পাগলী তুই মন ভালো করে দিস।”  দাদাকে মনে হয়নি কখনো দূরের কেউ। একদিন হঠাৎ এসে লিখলেন ইনবক্সে “দিদি রে কাউকে বলিনি, তোকে একটা কথা বললে বকবি না তো?” বললাম বকবো না, বলো। শরীর খারাপ নাকি? “দিদিভাই লিভারের অবস্থা ভালো না। বছরখানেক ধরে চিকিৎসা করাচ্ছি। সৌদি আরব থেকে এখন ব্যাংককে এলাম।” তারপর আর ম্যাসেজ নেই, শুনলাম সব শেষ। সাইফ দাদা খুব ভালো ডক্যুমেন্টারি লিখতেন। উনি প্রথম আলো ব্লগে ব্লগিং করতেন। গুটিকয়েক কবিতা লিখেছিলেন আর দু’/তিনটি গল্প। এ জীবনে কখনোই আর দেখা হবেনা সাইফ দাদা আর সুমনার সাথে।

এলোমেলো কথা আজ খুব বেশী মন খারাপ করিয়ে দিচ্ছে, তাই না? এই সপ্তাহে লং উইকএন্ড এখানে। লং উইকএন্ড মানে উৎসব। আমার অফিসের সকলেই প্ল্যান করে নিয়েছে কে কোথায় যাবে! এরা লং উইকএন্ড বলে কথা না, এমনি উইকএন্ড এলেও বেড়ানোর প্ল্যান করে। ফিজিওথেরাপির রিসিপসনিষ্ট শেলী সে সাত দিনের ট্যুরে বাইরে গেছে। ফরেষ্ট কটেজে যাবে থাকবে। মাছ ধরবে, স্যুইমিং করবে। আমার ফিজিওথেরাপিষ্ট তার স্ত্রীকে নিয়ে লং ড্রাইভে যাবে, বাচ্চা দুটোও থাকবে সাথে। যাক অফিসে আমাদের নার্সিং ম্যানেজার মিশেলকে জিজ্ঞাসা করলাম কোথাও যাচ্ছো? বললো, “না নীলা!  বাসায় বসে অফিসের কাজ করতে হবে। অনকলে থাকবো। কয়েক সপ্তাহ পর ভ্যাকেশনে যাবো।” মিশেল ছাড়া প্রায় সকলেই বেড়াতে যাচ্ছে। যেমন, ডেব্রাহ, ক্যাথি, মার্শা, স্টেফানি, এনা, পামেলা এবং আরোও অনেকে। সবাই জানে আমার কোথাও যাওয়া নেই, হ্যামিল্টনকে “ফলস সিটি” বলা হয়। এতো এতো জলপ্রপাত বলার মতো নয়। কতো প্ল্যান ছিলো এই সামার নিয়ে। প্ল্যান পূরণ হলো না বলে আফসোস নেই, বরং অন্যকিছু করার চিন্তা মাথায় এসেছে। শনিবার সারাদিন জ্যাকসন স্কয়ারে ঘোরাঘুরি। ফুড কোর্টে নয়তো হাক্কা চায়েনিজ রেষ্টুরেন্টে গিয়ে চিলি চিকেন+নান খাওয়া বিকেলের দিকে। রবিবার বে ফন্ট পার্কে ইন্টারনেশনাল ফুড ফেস্টিভ্যাল+মিউজিক, সেখানে যাওয়া। সোমবার বাসায় রান্না। আলু-পনির দম, সর্ষেবাটা দিয়ে পাবদা মাছ ভাঁপে, আলু-ফুলকপি ভাঁজি, ঘন মুসুর ডাল মুলা দিয়ে, পালং শাকের ভর্তা। কি জিহবায় জল এসেছে? যদি জল এসে থাকে ভালো করে নজর দিতে থাকুন, নজর দিলে রান্না আরোও সুস্বাদু হয়, জানেন নাকি?

ভাগ্যিস বেঁচে আছি। মরে গেলেও ক্ষতি হতোনা। ডোনেশন করা এই বডির অঙ্গ-প্রত্যঙ্গ কাজে লেগে যেতো তাড়াতাড়ি। স্পেশ্যাল এই হেলথ কার্ডের একটা গুণ কারো মৃত্যুতেই হা-হুতাশ থাকেনা। আমার সুপারভাইজার লিয়া সেদিন বললো, “নীলা তোমার শত্রু কে জানো? তোমার ওই হাসি।” কারণ লিয়া দেখেছে কেউ আমায় অপছন্দ করে অনেক সমালোচনা করলেও হাসি। কেউ আমায় পছন্দ করে ভালো কিছু বললেও সেই একই রকম হাসি দেই। তার মানে আমার কষ্ট নেই? আছে তো! কষ্ট একটাই, হাসি আমায় কম বয়সেই বুড়ী করে দিয়েছে গালে বলিরেখা ফেলে। চল্লিশের পর যেখানে বলিরেখা পড়ে, সেখানে আমার ক্লাশ ফোরেই পড়েছে। এ কি কম দুঃখের!!!

***ফুলেল ভালোবাসা সকলের জন্যে——— ***

[!\[ফুলে গন্ধ নেই...কেবলই সৌন্দর্য...\](http://sonelablog.com/wp-content/uploads/2016/07/1916888_10207549766478660_5658302210047127064_n.jpg)](http://sonelablog.com/wp-content/uploads/2016/07/1916888_10207549766478660_5658302210047127064_n.jpg)

****ফুলে গন্ধ নেই…কেবলই সৌন্দর্য…****

হ্যামিল্টন, কানাডা  
২৯ জুলাই, ২০১৬ ইং।

# [এলোমেলো কিছু কথা…**চৌদ্দ**](http://sonelablog.com/%e0%a6%8f%e0%a6%b2%e0%a7%8b%e0%a6%ae%e0%a7%87%e0%a6%b2%e0%a7%8b-%e0%a6%95%e0%a6%bf%e0%a6%9b%e0%a7%81-%e0%a6%95%e0%a6%a5%e0%a6%be%e0%a6%9a%e0%a7%8c%e0%a6%a6%e0%a7%8d%e0%a6%a6/)

---

Comments: 30 — https://sonelablog.com/%e0%a6%8f%e0%a6%b2%e0%a7%8b%e0%a6%ae%e0%a7%87%e0%a6%b2%e0%a7%8b-%e0%a6%95%e0%a6%bf%e0%a6%9b%e0%a7%81-%e0%a6%95%e0%a6%a5%e0%a6%be%e0%a6%aa%e0%a6%a8%e0%a7%87%e0%a6%b0%e0%a7%8b/#comments
