# এপারেই থেকে গেলাম

- Author: [ছাইরাছ হেলাল](https://sonelablog.com/author/sairashelal/)
- Published: 2018-07-15T01:19:36+00:00
- Updated: 2018-07-15T02:10:53+00:00
- Category: [একান্ত অনুভূতি](https://sonelablog.com/category/misc/personal/)
- URL: https://sonelablog.com/%e0%a6%8f%e0%a6%aa%e0%a6%be%e0%a6%b0%e0%a7%87%e0%a6%87-%e0%a6%a5%e0%a7%87%e0%a6%95%e0%a7%87-%e0%a6%97%e0%a7%87%e0%a6%b2%e0%a6%be%e0%a6%ae/

---

হাঁটা দূরত্বে কতটা পথ হেঁটে গেলে  
শেষ পৌঁছানোতে যাওয়া যায়,  
বিনীত বিনয়ে একাল-সেকালের কুপি জ্বেলে;  
নগ্ন পায়ে হেঁটে যাই নিজের মৃত দেহটি কাঁধে নিয়ে  
ক্লান্ত-নিস্তেজ-পা, দাঁড়াতে গেলেই মৃত দেহটি ককানি দেয়;

হঠাৎ বোঝাটি ফেলে দিয়ে দিলাম ভোঁ দৌড়,  
আহা, খালি পায়ে তো বেশিদূর যাওয়া যায় না,  
যেতেও পারিও-নি;  
ফিরে এসে ঘাড় গোঁজ করে আবার তুলেই নেই  
সেই ফেলে যাওয়া লাশ, বিপুল বিমূঢ়তায় হেসে ওঠে লাশটি;

মন্ত্রমুগ্ধ পা দু’টি আবার চালু হয়,  
অভ্যস্ততায় হাঁটি আবার হাঁটি,  
ভারী থেকে আরও ভারী বোঝায় ক্রমাগত,  
ওপারে নাকি সব সুখ, দুধ-নহর,সবুজ-গালিচা  
আরও কত কত্ত-কী! কত্ত কিছু!

পচা লাশটি ফেলে দিলাম সদর্পে, ওপারে নয়,  
উল্টো পায়ে হেঁটে এখানেই থেকে গেলাম;  
এই সাধের পথে-পথে, উদ্দীপ্ত জীবন-রসে,  
ঋতুমতী সাতার-ভরা-সমুদ্দুরের কোলে;

---

Comments: 18 — https://sonelablog.com/%e0%a6%8f%e0%a6%aa%e0%a6%be%e0%a6%b0%e0%a7%87%e0%a6%87-%e0%a6%a5%e0%a7%87%e0%a6%95%e0%a7%87-%e0%a6%97%e0%a7%87%e0%a6%b2%e0%a6%be%e0%a6%ae/#comments
