# এক স্বপ্ন মাইল

- Author: [এস.জেড বাবু](https://sonelablog.com/author/s-z-babu/)
- Published: 2020-01-26T16:22:21+00:00
- Updated: 2020-01-26T16:22:21+00:00
- Category: [কবিতা](https://sonelablog.com/category/literacy/poetry/)
- URL: https://sonelablog.com/%e0%a6%8f%e0%a6%95-%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%a8-%e0%a6%ae%e0%a6%be%e0%a6%87%e0%a6%b2/

---

উদাম শীতে  
কে কড়া নাড়ে !  
কব্জায় ধরেছে ঝং,  
ঘুম ভাঙ্গায় বারে বারে।  
কে কড়া নাড়ে ?  
বারে বারে- বারে বারে !!  
কে উঁকি দেয়  
খিল আঁটা জানালায় ?  
ভোরের বেহায়া শিশির  
হু হু করে যায়,  
অবেলায়-  
অদেখায়- অজানায় ॥

কে মেরেছে ঢিল  
টিনের চালায় ?  
মরিচিকা ছিটিয়ে পড়ে  
একেলা বিছানায়,  
অয়েশি ঘুমের ওম-  
শীতল কাঁথায় ।  
কে ডাকে চেনা লয়ে,  
আঁধারে আঙ্গিনায় ?  
কার কানে ঝুমকা দোলে-  
পরিচিত ইশারায়,  
কে যায় ?  
মাঘের আয়েশি ঘুম-  
কে ভাঙ্গায় অবেলায় ।

বৈশাখী নিমন্ত্রণে  
পাগল করে মন,  
মধু মাসে মধু ক্ষণে  
চোখে চোখে পণ,  
আষাঢ়ে বর্ষিলে বুকে-  
ওগো প্রিয়জন ।  
শ্রাবনে লাগিয়ে জোয়ার  
ভাদ্র শেষে খরা,  
আশ্বিনে মহামারি  
অন্ন নিদ্রা হারা,  
কার্তিকে ক্লান্ত আখি  
শুকনো কিনারা ।  
অঘ্রানে ভেঙ্গেছে নেশা  
হারিয়ে দু’কুল,  
পৌষের শিশিরে ভেজা  
শুকনো সে ফুল,  
মাঘের কনকনে হাওয়ায়  
তবু , ভাঙ্গে যদি ভুল ।

মিটে না হৃদয়ের তৃষা,  
ফাগুন কত দুরে !  
শ্রান্ত অধীর ঘুমে  
ডানে নড়ে, বামে ঘুরে,  
অদুরে কুকিল ডাকে-  
সেই বাসন্তি সুরে ।  
কে কড়া নাড়ে ?  
স্বপ্নের দুয়ারে !  
একি ক্ষুধার্ত মনের মায়া,  
উঁকি দেয় ভোরে ?  
অযথাই কেন দুজন,  
এক স্বপ্ন মাইল দুরে !?

-০-

---

Comments: 23 — https://sonelablog.com/%e0%a6%8f%e0%a6%95-%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%a8-%e0%a6%ae%e0%a6%be%e0%a6%87%e0%a6%b2/#comments
