# এক শিশি বিষ-কান্না

- Author: [ছাইরাছ হেলাল](https://sonelablog.com/author/sairashelal/)
- Published: 2019-01-15T03:46:07+00:00
- Updated: 2019-02-07T15:12:13+00:00
- Category: [গল্প](https://sonelablog.com/category/literacy/story/)
- URL: https://sonelablog.com/%e0%a6%8f%e0%a6%95-%e0%a6%b6%e0%a6%bf%e0%a6%b6%e0%a6%bf-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%b7-%e0%a6%95%e0%a6%be%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a8%e0%a6%be/

---

“হে মহামান্য জিউস  
আমিই আমাকে খুন করে এসেছি  
আমাকে শাস্তি দিন, আমিই  
বুকের কুসুমে ঢেলেছি এক-শিশি বিষ।“

চির-ঘুমের মানুষ ঘুমায় দু’চোখে বন্ধ রেখে,  
শখের বিষখোর ঘুমায় উঁকি-মারা-চোখে,  
বিষ খেয়ে বেশি বেশি ঘুমায়, ঘুমের ভান করে;  
জিউস সব-ই দেখেন, বোঝেন, বলেন একটু একটু করে।

বিষ অমৃতটুকু ভাগ নিয়ে ভেগে যাবে বলে বসে আছে  
সুনসানের দুপুর-ঘুমে জিউস ঘুমুবে নিশ্চয়ই।

বিষ-বুদবুদ সহানুভূতিরবশে ছুঁড়ে দেয় এক ঝলক উড়ন্ত ভেল্কিবাজি,  
দূর যবনিকার আড়ালে থাকা হিমেল মতিগতি, জিউস জানেন।

মরে যাওয়ার ভাব ধরে এসব হিজিবিজি ধুয়ে  
কেবলা মুখো হয়ে মরা-কান্নার ঢং ফং জিউস জানেন/বোঝেন।

তবুও উচ্চকিত কবিতা ছড়িয়ে যাক দিগন্ত থেকে দূর দিগন্তে  
অকস্মাৎ ফেটে পড়া রোদ্দুরের মত,  
মাথা মুড়ে বসে থাকা মতি-গতিহীন বিরাম চিহ্নের মত  
শীতার্ত বিষমকামী আত্মরতি এড়িয়ে।

————————————————————–

জিউস বলেন  
শিশি/ফিশি নয়, ড্রাম ড্রাম বিষ এস্তেমাল করে এর আগেও  
পাতকী হতে চেয়েছে আরও অনেকে ভাব ধরা কবিতা-নাবিক, হয়নি তা।  
পুকুর/ফুকুর বা নদ/নদী নয়, বিষের সাগরে হাবুডুবু খেতে খেতে যদি মরার সাধ অটুট থাকে,  
তখন না হয় কবিতার ঠিকানা দেয়ার কথা ভাবতে বসা যাবে!!  
‘এ এ,, মনে করেন, ল্যাকতে ভাল্লাগে। খুশিতে, ঠ্যালায়,ঘোরতে’

---

Comments: 18 — https://sonelablog.com/%e0%a6%8f%e0%a6%95-%e0%a6%b6%e0%a6%bf%e0%a6%b6%e0%a6%bf-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%b7-%e0%a6%95%e0%a6%be%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a8%e0%a6%be/#comments
