# একুশের কান্না

Author: রুম্পা রুমানা
Published: 2017-02-21
Category: কবিতা
URL: https://sonelablog.com/%e0%a6%8f%e0%a6%95%e0%a7%81%e0%a6%b6%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%95%e0%a6%be%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a8%e0%a6%be/

বুলেটের চেয়ে অধিক শক্তিশালী-  
“রাষ্ট্র ভাষা বাংলা চাই” বুলি।  
নয়তো বুলেট ছুটবে কেন ?  
বিঁধবে কেন ক্রোধে ?  
প্রতিবাদী কণ্ঠস্বর রোধে?  
প্রাণের দাবি রুখবে সাধ্য কার?  
হৃদয় জুড়ে তুমুল হাহাকার।  
উর্দু হবে রাষ্ট্র ভাষা  
মানি না ,মানবো না  
হাতে প্লেকার্ড মুখে স্লোগান  
বুকে ক্ষত-যন্ত্রণা।  
রাজপথ যায় ভেসে যায় রক্তে  
একশো চুয়াল্লিশ ভেঙে ফেলার ওয়াক্তে।  
লুটিয়ে গেলো লুটিয়ে গেলো  
তরুণ-তাজা প্রাণ  
ভাষার দাবি মুখে তোলে  
আগুন ঝরা গান।  
ফাল্গুন আজ মেখেছে রক্তলাল  
পলাশ-শিমুল রক্তরাঙা ডাল।  
প্রভাত ফেরী ঢেউ তুলেছে  
বিরহের মূর্ছনা  
দোলে উঠছে বুকের ভেতর  
একুশের কান্না।
