# একাত্তরের স্বাধীনতা

- Author: [সুপর্ণা ফাল্গুনী](https://sonelablog.com/author/suparna-falguni/)
- Published: 2020-12-16T16:00:04+00:00
- Updated: 2020-12-18T18:50:37+00:00
- Category: [কবিতা](https://sonelablog.com/category/literacy/poetry/)
- URL: https://sonelablog.com/%e0%a6%8f%e0%a6%95%e0%a6%be%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%b0%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%be%e0%a6%a7%e0%a7%80%e0%a6%a8%e0%a6%a4%e0%a6%be/

---

বিজয়ের চাদরটা নর্দমার কীটের ক্ষুধার অন্ন,  
সন্তান হারানো মায়ের লোনা জল শকুনের পিপাসা মেটায়।

নারীর সম্ভ্রম, লজ্জা আজ পদদলিত পথের ধূলায়;  
সমাজের উঁচুস্তরে স্বাধীনতার কলঙ্কের জয়গান।

ভাই হারানো বোনের দুঃস্বপ্ন গেঁথে আছে হৃদয়ের গহীনে;  
বহু ত্যাগের বিনিময়ে অর্জিত পতাকা আজ ধূলার ঝাড়ন।

আহত যোদ্ধা ক্রাচে করে জীবন রসদ খুঁজে বেড়ায়-  
শহীদের রক্ত মাটির উর্বরতা বাড়ায় নতুন ফসলের তরে।

আদর্শ, নীতি ধূলিসাৎ হয় শোষকের করাল থাবায়;  
স্বাধীনতা মুখ থুবড়ে পড়ে সমাজের অন্ধকার গলিতে।

গণতন্ত্রের মৃত্যু হয়েছে পরাধীনতার আকন্ঠ বিষের তরলে-  
অন্ধকারের বাসিন্দা সেজেছে ধর্ষকের বীর্যের অঙ্কুর;  
ধর্ষিতার ছিন্নভিন্ন বসন আজ ভেসে বেড়ায় রাষ্ট্রের ছাদে।

পিতার আর্তনাদ অপ্রকাশিত ডায়েরীর পাতায় চিত্রিত;  
স্বাধীনতা আজ পোশাকে, ব্যানারে, বিজ্ঞাপনে, ভাষণে –  
হৃদয়ের অন্দরে অনুপস্থিত একাত্তরের সে-ই স্বাধীনতা।

 

ছবি-গুগল

---

Comments: 21 — https://sonelablog.com/%e0%a6%8f%e0%a6%95%e0%a6%be%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%b0%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%be%e0%a6%a7%e0%a7%80%e0%a6%a8%e0%a6%a4%e0%a6%be/#comments
