# একলা আমি অচিন পাখি একলা আমার গান

Author: দীপংকর চন্দ
Published: 2016-11-03
Category: বিবিধ
URL: https://sonelablog.com/%e0%a6%8f%e0%a6%95%e0%a6%b2%e0%a6%be-%e0%a6%86%e0%a6%ae%e0%a6%bf-%e0%a6%85%e0%a6%9a%e0%a6%bf%e0%a6%a8-%e0%a6%aa%e0%a6%be%e0%a6%96%e0%a6%bf-%e0%a6%8f%e0%a6%95%e0%a6%b2%e0%a6%be-%e0%a6%86%e0%a6%ae/

![folk-love3](http://sonelablog.com/wp-content/uploads/2016/11/folk-love3-300x190.jpeg)

যায় যদি তোর মায়ার কাজল  
মুইছা চোখের জলে  
নিস লুকাইয়া সংগোপনে  
নীল শাড়ির আঁচলে  
আমার কথা ভাবিস নারে  
সবাই কি আর ছুঁইতে পারে  
দূর আসমানের চাঁন  
একলা আমি অচিন পাখি  
একলা আমার গান

মেঘ যদি তোর মনের কোণে  
সজল হইয়া ওঠে  
যত্ন কইরা হাসির রেখা  
রাখিস তবু ঠোঁটে  
আমার কথা ভাবিস নারে  
সবাই কি আর হইতে পারে  
সমানে সমান  
একলা আমি অচিন পাখি  
একলা আমার গান

বৃষ্টি যদি তোর দরজায়  
নাড়ায় কড়া জোরে  
দিস না নজর তুই তাহাতে  
থাকিস ঘুমের ঘোরে  
আমার কথা ভাবিস নারে  
সবাই কি আর বান্ধতে পারে  
পরানে পরান  
একলা আমি অচিন পাখি  
একলা আমার গান

ছবি: সংগৃহীত
