# একদিন ; মৌনমুখর

- Author: [আগুন রঙের শিমুল](https://sonelablog.com/author/shimul-ful/)
- Published: 2017-03-10T00:39:58+00:00
- Updated: 2017-03-10T00:42:17+00:00
- Category: [কবিতা](https://sonelablog.com/category/literacy/poetry/)
- URL: https://sonelablog.com/%e0%a6%8f%e0%a6%95%e0%a6%a6%e0%a6%bf%e0%a6%a8-%e0%a6%ae%e0%a7%8c%e0%a6%a8%e0%a6%ae%e0%a7%81%e0%a6%96%e0%a6%b0/

---

একদিন দেখা হয়ে যাবে ঠিক –  
নিরাকপরা ভাদ্র দুপুরে,  
চেনা শহরের গলিপথে ; অথবা  
জৌলুসহীন কোন অনাত্মীয় নগরে।  
একদিন ঠিক দেখা হবে।

ততদিনে, তোমার মসৃণ ত্বকে আকুঞ্চন  
আমার চোখের আলো ক্রমশ ম্লান,  
বয়সী খোলসে আটসাঁট দুইজন ; অচিন মানুষ।

কাছাকাছিই দাড়াবো হয়তো –  
চিনে নিতে লাগবে খানিকটা সময়,  
অতলে চাপা ব্যথার পাথর গড়ালেই উঠবে সুঘ্রান,  
স্বপ্নের ফিরবার পথটাও অতো সোজা নয়।

একদিন দেখা হয়ে যাবে ঠিক –  
কথা হবে, সামাজিক নিয়মের কাথাফোড়  
কে, কি, কোথায় এইসব – তলায় ভুমিক্ষয়।

ফিরবার পর –  
বয়সী মানুষের খোলসে হাসফাঁস  
প্রাক্তন বালক বালিকা ; চারু ও অমল।  
ঈশ্বর ; পৃথিবীর নিয়ম এতো অদ্ভুত এবং বন্ধ্যা  
নিস্ফলা টান, আগুনময় জলের বুকে অনির্বান গরল।

তবু, একদিন দেখা হয়ে যাবে ঠিক – নিরাকপরা ভাদ্র দুপুরে।

---

Comments: 16 — https://sonelablog.com/%e0%a6%8f%e0%a6%95%e0%a6%a6%e0%a6%bf%e0%a6%a8-%e0%a6%ae%e0%a7%8c%e0%a6%a8%e0%a6%ae%e0%a7%81%e0%a6%96%e0%a6%b0/#comments
