# একটু প্রার্থনা

Author: ছাইরাছ হেলাল
Published: 2021-03-29
Category: একান্ত অনুভূতি
URL: https://sonelablog.com/%e0%a6%8f%e0%a6%95%e0%a6%9f%e0%a7%81-%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%be%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%a5%e0%a6%a8%e0%a6%be/

কল্পনা ও স্বপ্ন বাস্তবতার পথ বেয়ে  
হারিয়ে যেও না,  
হে আমার আত্মার সৌন্দর্য,  
দাঁত চেপে লাজুক ভঙ্গিতে একটু অপেক্ষায় থেকো;  
আশীর্বাদের দরজা খুলে অনুগ্রহের ফেরেশতা এলো বলে।

হে সুলতানুল সুলতান,  
এ শব্দ জঞ্জালের দিকে চোখ রেখো-না,  
বানিয়ে বলা না-বলা লেখা/কথার অন্তঃসার শূন্যতা  
সে শুধু তুমি-ই জানো,  
তুমি-ই জা্নো রসদ-পত্রের আতীব্র শূন্যতা;  
অন্ধ মন/চোখ মেলে শুধু তোমার-ই সাহায্য চাই,  
তোমার-ই করুণা ভিক্ষা করি, মাতাল ভিখারির বেশে;

অবাধে বিলিয়ে দিতে চাই,  
নিস্তব্ধতার বিষাদ নিপীড়ন, নিস্তরঙ্গ নিঝুম নিশীথে,  
অমরত্ব সে আমি চাই-না, চাই শর্তহীন আশীর্বাদ;  
শুধু একবার গ্রহণ কর প্রভু, এ অসহায় আত্মসমর্পণ,  
অপার অনুগ্রহে;

হে খোদা, হে আমার রব,  
রাহমানুর রহিম, দ্বিরুক্তি-পুনরুক্তি করেই বলছি,  
হিকমা (বাকারা/২৬৯)সে আমার চাই-ই।
