# একটু দেখবেন কি? একটু কি সুযোগ নিবেন দেশের প্রতি, মুক্তিযোদ্ধাদের কাছে আমাদের ঋণ শোধের?

Author: হৃদয়ে আমার বাংলাদেশ
Published: 2013-10-05
Category: মুক্তিযুদ্ধ
Tags: অসহায় মুক্তিযোদ্ধা, মুক্তিযুদ্ধ, মুক্তিযোদ্ধা হায়দার কাকা
URL: https://sonelablog.com/%e0%a6%8f%e0%a6%95%e0%a6%9f%e0%a7%81-%e0%a6%a6%e0%a7%87%e0%a6%96%e0%a6%ac%e0%a7%87%e0%a6%a8-%e0%a6%95%e0%a6%bf-%e0%a6%8f%e0%a6%95%e0%a6%9f%e0%a7%81-%e0%a6%95%e0%a6%bf-%e0%a6%b8%e0%a7%81%e0%a6%af/

[![](http://sonelablog.com/wp-content/uploads/2013/10/1385903_10151611492701150_1276227496_n-300x167.jpg)](http://sonelablog.com/wp-content/uploads/2013/10/1385903_10151611492701150_1276227496_n.jpg)

পাকশী (ঈশ্বরদী, পাবনা ) ।

সারাদিন ধরেই বৃষ্টি ছিল । রাত হয়েছে বেশ কিছুক্ষন আগেই । ঠান্ডা বাতাস আর ঝিরি ঝিরি বৃষ্টিতে ভিজতে ভিজতে পাকশীর বিখ্যাত মুক্তিযুদ্ধা কালাম প্রফেস্যার (অধ্যাপক আবুল কালাম আজাদ, ভারপ্রাপ্ত প্রাক্তন সহঃ অধ্যক্ষ পাকশী রেলওয়ে কলেজ) ও আরও দুজন বাইকে করে পৌছে যাই বিখ্যাত বি.বি.সি বাজারের কাছে মুক্তিযুদ্ধা হায়দার আলী (৬৫) কাকার বাড়ী । বাড়ী বলতে “আসমানী” কবিতার আসমানীদের বাড়ীর মত বাড়ী । ভেন্না পাতার বদলে পাট খড়ির ঘর । বৃষ্টি তাদের ঘরে, খাটে ঘুমাতে মনে হয় পছন্দ করে । তাই ঘরে বৃষ্টির আনাগোনা সাধারণ ব্যাপার। বারান্দায় শুয়ে আছে সাদা কাশফুল রঙা চুল নিয়ে হায়দার কাকার মা । স্ট্রোক করে শয্যাশায়ী । কাউকে চিন্তে পারেন না । ঘরে যে ঘুমাবেন সেই জায়গাও নেই ।চিকিৎসা সে আবার কি জিনিষ? যে খানে পেটের খাবারই জোটে না সেইখানে আবার চিকিৎসা !

হায়দার কাকা মুক্তিযোদ্ধা ভাতা পান দু হাজার টাকা । এক ছেলে মাসে মাসে দেয় দুহাজার টাকা । মোট চারহাজার টাকায় আট জনের সংসার । সংসার আরও বড় ছিল । বড় ছেলে স্ট্রোকে মারা গেছে বছর চারেক আগে । ছেলের বউ তার দুবছর পর । তাদের বড় ছেলে এবার এস.এস.সি পরীক্ষা দেবে বিজ্ঞান বিভাগ থেকে, স্কুলের রোল নং- ৯, মেয়ে চতুর্থ শ্রেনীতে পড়ে, রোল- ৭ ।

হায়দার কাকার আরেক ছেলে আত্নহত্যা করে তাও দুবছর হবে । ছোট ছেলে পাবনা এডওয়ার্ড কলেজে পড়ে পদার্থ বিজ্ঞানে । টাকার অভাবে নিয়মিত ক্লাশ করা হয় না । টিউশানি করে তার মাসে আয় আটশ’ টাকা । তার সাথে মুক্তিযুদ্ধা বাবার মত লেবারের কাজ করে কোন মতে চলে পড়ালেখার খরচ। যদিও কাজ পাওয়াই যায় না । হায়দার কাকার তার দুর্দশার কথা জানাতে ইতস্ততা বোধ করছিলেন । তিনি প্রতিদিন কুলি,রাজমিস্ত্রী কাজের সন্ধানে বের হন । ছোট খুবই ছোট শহর বলে মাসে সাত আট দিনের বেশি কাজ পান না । শরীরও ভালো না । ৬৫ বছর বয়স বলে কাজেও নিতে চায় না মানুষজন ।

আমরা কি তার জন্য কিছু করতে পারি ? এর আগে দিলীপ কাকার জন্য এগিয়ে এসেছিলেন অনেকেই । মুক্তিযোদ্ধাদের কাছে যে ঋণ আমাদের তার একটু শোধ করার সুযোগ নিয়েছিলেন অনেকেই ।

এইবার?!

[**এ বিষয়ে ফেইসবুকের এই পোস্ট থেকে জেনেছি**](https://www.facebook.com/photo.php?fbid=10151611492701150&set=a.393508931149.176531.607621149&type=1&theater "এ বিষয়ে ফেইসবুকের এই পোস্ট থেকে জেনেছি ")

[এটি লিখেছেন Zohirul Hoque Bapi তাঁর ফেইসবুক থেকে এখানে শেয়ার করা হলো ।](https://www.facebook.com/zohirul.hoque.bapy)
