# একটি ‘সে’ বিতং

- Author: [ছাইরাছ হেলাল](https://sonelablog.com/author/sairashelal/)
- Published: 2018-11-13T14:36:19+00:00
- Updated: 2018-11-13T14:36:19+00:00
- Category: [একান্ত অনুভূতি](https://sonelablog.com/category/misc/personal/)
- URL: https://sonelablog.com/%e0%a6%8f%e0%a6%95%e0%a6%9f%e0%a6%bf-%e0%a6%b8%e0%a7%87-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%a4%e0%a6%82/

---

নক্ষত্রের বুকে/কোলে মাথা রেখে  
শুয়ে আছি অনন্ত কাল অনন্তের কাল,  
লবেজান হয়ে নয়;  
চেতন/অচেতন অবচেতনের কাছাকাছি  
সেই আদি থেকে অনন্তকাল অবধি,  
আড়মোড় ভেঙ্গে ভাবছি ভাবছি  
ফিরে যাব কী যাব-না একটু খেলতে কানামাছি;

বুনো মাটির গন্ধ মেখে পথের বাঁকে  
গেঁথে থাকবো জগদ্দল পাথর হয়ে,  
ধাঁ ধাঁ লাগা অন্ধচোখে  
সোঁদা মাটির গন্ধ শুঁকে-শুঁকে শুষে  
ভরে নেব আজন্ম খালি হয়ে থাকা এ বুক;

ভাবছি পর্বতশৃংগে নীলকুরিঞ্জি হবো  
উহ্‌, সে তো বার বছরে একবার মাত্র  
গন্ধ বিলোয়, প্রতি মুহুর্তের গন্ধ-ফুল  
হয়ে জড়িয়ে থাকবো/রাখবো ঐ নীলাকাশ  
গন্ধ ডানা মেলে গা ঘেসে উড়ে বেড়াবো সারাক্ষণ।

চাঁদ বুড়ি সেও ডাকছে সারাক্ষণ,  
ফোকলা দাঁতে পান চিবুতে চিবুতে  
আকাশ ছড়ানো নীলাকাশে।

ভাবছে এবার রুদ্ধ নিশ্বাস-প্রশ্বাসে  
কোথাও এবার যাবেই যাবে, সে,  
হতে পারে তা  
ভিড়াক্রান্ত কোন এক স্বপ্ন শহরে।

---

Comments: 22 — https://sonelablog.com/%e0%a6%8f%e0%a6%95%e0%a6%9f%e0%a6%bf-%e0%a6%b8%e0%a7%87-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%a4%e0%a6%82/#comments
