# একটি অ-লেখার ছিন্নাংশ……৬

Author: ছাইরাছ হেলাল
Published: 2013-06-01
Category: একান্ত অনুভূতি, বিবিধ
URL: https://sonelablog.com/%e0%a6%8f%e0%a6%95%e0%a6%9f%e0%a6%bf-%e0%a6%85-%e0%a6%b2%e0%a7%87%e0%a6%96%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%9b%e0%a6%bf%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a8%e0%a6%be%e0%a6%82%e0%a6%b6%e0%a7%ac/

হাতছানি দেয় আস্ত চাঁদ  
এখনও ,  
হাতছানি দেয় স্বপ্ন সুন্দরী  
সুগন্ধি রূপসী অস্পর্শী যৌবনা ।

অসংখ্য রাত খুঁজেছি তোমাকেই  
অসংখ্য দিনেও ,  
নির্বোধ রোদেলা দুপুর কিম্বা সোনালী সন্ধ্যায়  
বা চাকভাঙা চাঁদনি বেলায় ।  
নিঃশ্বাসে প্রশ্বাসে  
তোমারই গন্ধ নিয়েছি এ বুক ভরে ।

তুমি নেই , নেই-ই  
সমস্যা দেখছি না তো কোন…  
কখনও আর দেখা নাই বা হলে ;  
জিভ দিয়ে জিভ ছুঁয়ে  
তোমারই গন্ধ নিয়েছি কত কাল,  
বুকে আটকে রেখেছি  
পৃথিবীর শেষ ও প্রথম সুগন্ধটি ।

হে গন্ধ সুন্দরী——  
খুঁজেছি উৎস , প্রাণদায়ী মিষ্টি গন্ধটির  
প্রতিটি পরতে পরতে অনাদিকাল ধরে ,  
কাঁদা মাখা অরণ্য যুবতীর উষ্ণ শরীর ছুঁয়ে  
ভিতরে আরো গভীরে নির্জন বনে  
গভীর থেকে গভীরতম প্রদেশে ,  
চোখে চোখ রেখে——  
তির তিরে জলে নয়  
আকণ্ঠ অবগাহন তোমারই লোনা জলে ।

তোমাকে ছাড়া ভাবনাহীন আমি ,  
অনুমতি চাই ——  
ইচ্ছের নির্লজ্জ সম্ভোগে হয়ে রক্তাক্ত  
তোমাতেই সমূলে বিদ্ধ হতে হতে নিঃশেষ হওয়ার ;  
হে সুন্দরী স্বাধীনতা ; হে আমার দেশ ।

গন্ধ প্রেমি সেজে গন্ধ মৃগের গ্যাঁড়াকলে পড়ার অনুভূতি প্রকাশের সবল সাবলীলতা কিন্তু অস্বীকার করতে পারছি না  । আহারে , বেশ একটি নিমজ্জিত নিমজ্জন , কষ্ট কষ্ট ভাব নিয়ে জীবন উৎসর্গ , ভালোবাসা নামি অলিক হরিণীর পদতলে , বেশ চরাও হওয়ার মত অবস্থা । যদিও কবিতা -ফবিতা হয়নি কিছুই , শুধুই ইলিমিলি । বলেছি তো আগেই -সহজ নয় কবিতা লেখা এতটা যতটা আপনি ভাবেন বলে মনে করি । আপনাদের এই অনন্য প্রেমানুভুতির অসামান্য অনুভবের কাছাকাছি পৌছানোর কোন সুযোগ আমরা পাইনি বা কেউ দানও করেননি অতএব মরুভূমির মরীচিকা । অজানাকে অজানাতেই রেখে দিচ্ছি আপনাদের এ জাতীয় প্রেম-ফ্রেম । তবে সময় বা জীবন কোন সস্তা জিনিস নয় যে কেঁদেকেটে নতজানু হয়ে যেতে হবে , হতে পারে এটি একটি অনভিজ্ঞ কথন ।এতক্ষণ যা কিছুই বলেছি তা আপনার লেখার শেষ দিকের শব্দ দু’টি বাদ দিয়ে এবং হালকা চালে । শুধু দু’টি মাত্র শব্দের (স্বাধীনতা ও দেশ ) ব্যবহার লেখাটিতে প্রাণছোঁয়া অন্য মাত্রা এনে দিয়েছে । আপানার প্রায় নিখুঁত নিটোল নিবিষ্ট নির্বিষ নিমগ্ন অনবচ্ছিন্ন দেশপ্রেমের আকুলতা প্রকাশের বুদ্ধিদীপ্ত প্রাণোচ্ছল চতুর চতুরতা আমাদের ভালই লাগে । আমাদের নিতবর! হতে ইচ্ছে করে । লেখালেখি করে অহেতুক সময় নষ্ট করার কোন মানে হয় ?

আপনি লোক সুবিধের নয় , আপনাকে নিতবর করে পাকা গুটি কাঁচা করে ফেলার ঝুঁকি নিচ্ছি না কোনভাবেই ।
