# একটি অ-লেখার ছিন্নাংশ……২

Author: ছাইরাছ হেলাল
Published: 2013-05-24
Category: একান্ত অনুভূতি
URL: https://sonelablog.com/%e0%a6%8f%e0%a6%95%e0%a6%9f%e0%a6%bf-%e0%a6%85-%e0%a6%b2%e0%a7%87%e0%a6%96%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%9b%e0%a6%bf%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a8%e0%a6%be%e0%a6%82%e0%a6%b6%e0%a7%a8/

ইচ্ছে করে , খুবই ইচ্ছে করে –হেঁটে যাব গোর খোদকের এঁদো জীর্ণ শীর্ণ কুঁড়ের পাশ ঘেঁষে নিঃশব্দে নিভৃতে ভয়ে ভয়ে গুটিসুটি মেরে ঘার বেঁকিয়ে একটু উঁকি ঝুঁকিও দিতে , ডেকে একটু গপ্প করতেও ইচ্ছে করে , কিন্তু অজানা উসখুস  সাথে প্রচণ্ড ভয় ।  কী জানি …ঘোলাটে লাল চোখে তরমুজ বিচি দাঁত কিড়মিড়িয়ে হেলে-দুলে ধুপধাপ পা ফেলে এগিয়ে এসে ভয় পাইয়ে দেয় কীনা , বা শুভ্র দাড়িতে হাত রেখে সাদা আলখেল্লায় মৃদু হেসে এগিয়ে আসে কীনা কে জানে । তবে একদিন ওর কাছে যাব সব বিপত্তি অবহেলায় ঠেলে ফেলে ।

খুব জানতে ইচ্ছে করে – শুনেছ কি —–হেসে খুন হওয়া মৃতের হাসি বা শ্মশানের মিছিলে করোটির উল্লাস ধ্বনি বা মৃতের পাঁজর ভেঙ্গে গুমরে ওঠা নীরবে সরব কান্না । কী বলে  ?—-অখন্ড সুনসান স্তব্ধ নিরব নীরবতায় একটি অবুঝ অবোধ প্রতিবন্ধী শিশু বা কিশোরী কিম্বা একহারা যুবক বা যুবতী, অশীতিপর বৃদ্ধ বা পক্ষাঘাতগ্রস্ত বৃদ্ধা বা বিষ পানে আত্মহনন-কারী যুবতী বা পণ্যা নারী বা  বীরাঙ্গনারা কী বলে তোমার কানে কানে একান্তে, অথবা নিজের গোর খুঁড়তে গিয়ে নিজের কথা কী শুনতে পাও ?
