# একটা ভাল গল্প বলো

- Author: [অরণ্য](https://sonelablog.com/author/oronno/)
- Published: 2017-03-08T15:08:29+00:00
- Updated: 2017-03-08T15:08:29+00:00
- Category: [একান্ত অনুভূতি](https://sonelablog.com/category/misc/personal/), [কবিতা](https://sonelablog.com/category/literacy/poetry/)
- URL: https://sonelablog.com/%e0%a6%8f%e0%a6%95%e0%a6%9f%e0%a6%be-%e0%a6%ad%e0%a6%be%e0%a6%b2-%e0%a6%97%e0%a6%b2%e0%a7%8d%e0%a6%aa-%e0%a6%ac%e0%a6%b2%e0%a7%8b/

---

একটা ভাল গল্প বলো আমায়  
যেখানে রাত আড়াইটায় তিন কুকুরে  
আমাকে একা পেয়ে দেয়াল ঠাসা করে  
ফের কি মনে করে  
ফিরে যায় তারা।  
একটা ভাল গল্প বলো।

একটা ভাল গল্প বলো  
যেখানে স্রেফ একটা এপ্রোন  
বাঁচিয়ে দেয় কোন তরুণীকে;  
শিটি বাজিয়ে ঘিরে দাঁড়িয়েও  
বখাটেরা ছেড়ে দেয় তাকে  
হাতের ভাঁজে যে তার এপ্রোন রাখা!  
এতো নষ্ট-ভ্রষ্টের মাঝেও  
একটা ভাল গল্প বলো।

একটা ভাল গল্প বলো  
যেখানে বেগুন বাড়ি বস্তির ছিনতাইকারীও  
রাত বারোটায় ছেড়ে দেয় তার শিকারকে;  
ধারালো চাকু বের করেই বলে ওঠে  
“সরি! এ না আমাদের ডাক্তার ভাই!”  
একটা ভাল গল্প বলো।

একটা ভাল গল্প বলো  
যেখানে কোন এক বয়সী মহিলার ময়লা বস্তা  
বয়ে নিয়ে যায় কোন এক মাঝবয়সী পুরুষ;  
কুর্মিটোলা থেকে শ্যাওড়া পর্যন্ত  
পার করে দেয় ফুটওভার ব্রিজ  
সে যে আমার মায়েরই মত!  
একটা ভাল গল্প বলো।

একটা ভাল গল্প বলো  
যেখানে গা ঘেঁসে দাঁড়ানো লোকাল বাসেও  
নারী-পুরুষ সমান দ্বন্দ্ব ভুলে  
দাঁড়িয়ে থাকা রমণীর ভাঁজ না খুলে  
দাঁড়িয়ে পড়ে কোন পুরুষ  
তাকে বসাবে বলে  
এযে তারই ছোট বোন!  
একটা ভাল গল্প বলো।

একটা ভাল গল্প বলো  
একটা ভাল গল্প বলো আমায়।  
একটা।

---

Comments: 33 — https://sonelablog.com/%e0%a6%8f%e0%a6%95%e0%a6%9f%e0%a6%be-%e0%a6%ad%e0%a6%be%e0%a6%b2-%e0%a6%97%e0%a6%b2%e0%a7%8d%e0%a6%aa-%e0%a6%ac%e0%a6%b2%e0%a7%8b/#comments
