# ||একটা বেহায়া সমীকরণ||

- Author: [শান](https://sonelablog.com/author/shaan-mama/)
- Published: 2014-12-30T09:24:43+00:00
- Updated: 2014-12-30T09:24:43+00:00
- Category: [বিবিধ](https://sonelablog.com/category/misc/)
- URL: https://sonelablog.com/%e0%a6%8f%e0%a6%95%e0%a6%9f%e0%a6%be-%e0%a6%ac%e0%a7%87%e0%a6%b9%e0%a6%be%e0%a7%9f%e0%a6%be-%e0%a6%b8%e0%a6%ae%e0%a7%80%e0%a6%95%e0%a6%b0%e0%a6%a3/

---

স্মৃতিগুলো যখন বর্গের ব্যস্তানুপাতিক হারে আমায় করতে চায় নস্টালজিক –  
সুকান্তের ঐ পূর্ণিমার ঝলসানো চাঁদে আশ্রিত দন্তহীন বুড়িটাও হাসে – খিক খিক খিক !  
বুড়িটা হঠাৎ ই তার সহস্রাব্দের কম্পনরত তাচ্ছিল্যের আঙুল তুলে দেয় চাঁদের- ঝলসানো রুটির মাঝে !  
আমার অবচেতন উপদ্রুত চেতনার খাঁজে খাঁজে –  
মস্তিষ্কের মৃত স্মৃতির নিউরণগুলোর ঠিক মাঝে – জমতে থাকে অগ্নুৎপাতের ফেনীল লাভা !  
হিমাদ্রী শিখরে দিনশেষে অস্তমিত এক বুড়ো সূর্য্যের পান্ডুর আভা –  
সমানুপাতিক হারেই আমায় করে তাচ্ছিল্য !  
আমি এক সমানুপাতিক আর ব্যাস্তানুপাতিকের গোলক ধাঁধায় পড়ে যাই –  
আশেপাশে তাকাই !  
একি ? শূণ্যতা…….! কোথাও কেও নাই !  
কল্পনা আর বাস্তবতার পাষবিক ধর্ষণে  
অঙ্কের ফলাফল আসে –  
‘ হে বেকুব ! নস্টালজিক কোন পিছুটান ই চেতনায় রাখতে নাই । ‘  
আমি মুহূর্তেই গ্যাস ল্যাম্পে সস্তা সিগারেট জ্বালাই –  
আমার অধর – ফুসফুসকে নিকোটিনে ভেজাই ;  
পাকস্থলি আর যকৃতের পাঁচক রসে –  
পূণ্য এক স্নানের জন্য – কুন্ডলীত ধোঁয়াগুলোকে গোগ্রাসে দেহের ভেতরে পাঠাই ।  
ধোঁয়াগুলো ও পবিত্র স্নান সেরে পুণরায় ধেয়ে আসে অধরে –  
আমি বুড়ো সূর্য্য আর বুড়ি চাঁদের দিকে সজোরে –  
ফুঁ মারি সেই পবিত্র ধোঁয়া !  
এত তাচ্ছিল্যে কি ছেলের হাতের মোয়া !!  
ওরা মুহূর্তেই বেহায়া হাসি থামায় –  
হয়তো বুঝে নেয় – জটিল সমীকরণ, সমানুপাত বা ব্যাস্তানুপাতের বিন্দুমাত্র স্থান নাই –  
আমার উপদ্রুত এই বিদ্রোহী চেতনার মোর্চায় ।।

---

Comments: 7 — https://sonelablog.com/%e0%a6%8f%e0%a6%95%e0%a6%9f%e0%a6%be-%e0%a6%ac%e0%a7%87%e0%a6%b9%e0%a6%be%e0%a7%9f%e0%a6%be-%e0%a6%b8%e0%a6%ae%e0%a7%80%e0%a6%95%e0%a6%b0%e0%a6%a3/#comments
