# একজন বিপ্লবী ।।

- Author: [জুলিয়াস সিজার](https://sonelablog.com/author/juliyassijar/)
- Published: 2014-04-14T10:03:07+00:00
- Updated: 2014-04-14T10:03:07+00:00
- Category: [বিবিধ](https://sonelablog.com/category/misc/)
- URL: https://sonelablog.com/%e0%a6%8f%e0%a6%95%e0%a6%9c%e0%a6%a8-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b2%e0%a6%ac%e0%a7%80-%e0%a5%a4%e0%a5%a4/

---

গতকাল রাতে তেল, গ্যাস এবং দেশের প্রাকৃতিক ভারসাম্যের বিপর্যয় নিয়ে দুশ্চিন্তা(!) করতে করতে ঘুম আসতে দেরি হয়েছিলো বিপ্লবীর। তাই সকালে বউয়ের ঝাড়ি খেয়ে ঘুম ভাঙল। ছেলে পড়াশোনা করে একটি স্বনামধন্য ইংলিশ মিডিয়াম স্কুলে, স্কুলের দেরি হয়ে যাচ্ছে। তাই বাসায় নাস্তা না করেই নিজের নতুন গাড়িতে বসিয়ে ছেলেকে স্কুলে দিয়ে আসলেন তিনি।  
আসার পথে একটি ফাস্ট ফুডের দোকানে ঢুকলেন বিপ্লবী। হট ডগ আর চিকেন বার্গারে কামড় দিয়ে বাইরে রাস্তায় তাকাতেই দেখলেন কিছু শ্রমিক কড়া রোদে ঘেমেনেয়ে ঠেলাগাড়ি চালিয়ে মালামাল বহন করছেন। শরীরে আগুন ধরে গেল বিপ্লবীর। এই দেশে শ্রমিকেরা ভালো নেই। চিকেন বার্গার কামড়ে ধরেই নিজের এনড্রয়েড স্মার্টফোনটি বের করলেন তিনি। কিবোর্ডে ঝড় তুলে দিয়ে দিলেন শ্রমিকের দূরবস্থা এবং অধিকার নিয়ে একটি জ্বালাময়ী স্ট্যাটাস। ঘটে গেলো দিনের প্রথম বিপ্লব!  
বিপ্লবের প্রথম অংশ শেষ করে গাড়িতে করে অফিসের পথে রওনা দিলেন বিপ্লবী। আজ অনেক গরম। ড্রাইভারকে বললেন এসিটা বাড়িয়ে দিতে। ল্যাপটপটা অন করলেন বিপ্লবী এইবার ব্লগে কিছু লেখা দরকার। মাও, লেনিন, স্টালিন এবং আরও নানা খাসা থিওরি মিশিয়ে আরও একটি আগুণঝরা লেখা পয়দা করলেন বিপ্লবী। ঘটে গেলো দিনের দ্বিতীয় বিপ্লব!  
অফিসে এসে কাজের ফাঁকে আমেরিকান এম্ব্যাসির ওয়েবসাটে একটু ঢুঁ মারলেন বিপ্লবী। আমেরিকায় সিটিজেনশিপ পাওয়ার কাজটা বেশ এগিয়েছে। একটা স্বস্তির নিঃশ্বাস ফেললেন তিনি। এইবার ফেইসবুকে নারীর অধিকার নিয়ে একটি স্ট্যাটাস দিয়ে তিনি দিনের তৃতীয় বিপ্লবটি ঘটিয়ে ফেললেন!  
বাসায় এসে একটু এনজেলিনা জোলির “GIA” এবং কেট উইন্সলেটের “The Reader” মুভি দুইটার বিশেষ সিনগুলো দেখে সামান্য পরিমাণ বিনোদন লাভ করলেন বিপ্লবী। একটু গোপন সাইটেও দেখলেন সানি লিওনের কোন নতুন ভিডিও আসলো কিনা। তারপর তেল, গ্যাস, এবং বাকশালী আওয়ামিলীগের ভারতকে দেশ বেঁচে দেওয়ার প্রতিবাদের ফেইসবুকে একটি তুখোড় স্ট্যাটাস দিয়ে দিনের চতুর্থ বিপ্লবটি ঘটিয়ে ফেললেন তিনি!  
রাত হয়েছে। বউ ঘুমোতে ডাকছে বিপ্লবীকে। এইবার বউয়ের ডাকে সাড়া দিয়ে ঘুমোতে গেলেন। সেখানে ফ্যামিলি প্ল্যানিং এবং আর একটি বাচ্চা কবে নেবেন তা নিয়ে কিছুক্ষণ বউয়ের সাথে আলোচনা করে আরও একটি বিপ্লব ঘটানোর প্রস্তুতি নিলেন তিনি। এই বিপ্লবের কথা অনুক্তই থাকুক। কিছু কথা থাক না গোপন! কিছু বিপ্লব ঘটুক অগোচরে!

---

Comments: 7 — https://sonelablog.com/%e0%a6%8f%e0%a6%95%e0%a6%9c%e0%a6%a8-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b2%e0%a6%ac%e0%a7%80-%e0%a5%a4%e0%a5%a4/#comments
