# এই মা এই দেশ

- Author: [হালিম নজরুল](https://sonelablog.com/author/m-a-halim-nazrul/)
- Published: 2020-11-22T16:18:20+00:00
- Updated: 2020-11-23T03:10:16+00:00
- Category: [কবিতা](https://sonelablog.com/category/literacy/poetry/)
- URL: https://sonelablog.com/%e0%a6%8f%e0%a6%87-%e0%a6%ae%e0%a6%be-%e0%a6%8f%e0%a6%87-%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b6/

---

 

চেন ভাই? চেন বোন? চেন এই মাকে?  
সারাক্ষণ আঁচলে যার মমতারা থাকে।

তার স্নেহে বেড়ে ওঠে ওই গাছগুলি,  
গেয়ে ওঠে দোয়েল আর ঘুঘু-বুলবুলি।  
মায়ার পরশে আম কাঁঠালের বনে,  
ওরা যেন নেচে ওঠে প্রতি ক্ষণে ক্ষণে।  
কাতল-বোয়াল-রুই-রূপালী ইলিশ,  
পদ্মায় মেঘনায় করে ফিস ফিস।  
শাপলা-শালুক-জুঁই-শিউলির ফুলে,  
গুনগুন গান গায় নানা সুর তুলে।

ওই যে সবুজ ক্ষেত ওই রঙধনু,  
নীলাকাশে গোলাকার চাঁদ-তারা-ধনু,  
জান কেউ,কি করে তা আমাদের হল?  
কার প্রতিদানে রোজ পতাকাটা তোল?

তিরিশ লক্ষ প্রাণ, শহীদের দানে,  
মুক্ত আকাশের ঐ সূর্যটা আনে।  
দুই লাখ মা বোনের সম্ভ্রমও গেল,  
রক্তের স্রোত বেয়ে স্বাধীনতা এল।  
শোধরানো যায় না তো তাদের ঐ ঋণ  
তাই মনে বেজে ওঠে বেদনার বীণ।

চিনলে তো, এই মা আমাদের এ দেশ,  
চলো গড়ে তুলি তাকে,গড়ি পরিবেশ।

———————0 0———————-

---

Comments: 15 — https://sonelablog.com/%e0%a6%8f%e0%a6%87-%e0%a6%ae%e0%a6%be-%e0%a6%8f%e0%a6%87-%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b6/#comments
