# উল্কি-আঁকা চাঁদ

- Author: [ছাইরাছ হেলাল](https://sonelablog.com/author/sairashelal/)
- Published: 2021-04-27T11:47:05+00:00
- Updated: 2021-04-27T03:21:57+00:00
- Category: [একান্ত অনুভূতি](https://sonelablog.com/category/misc/personal/)
- URL: https://sonelablog.com/%e0%a6%89%e0%a6%b2%e0%a7%8d%e0%a6%95%e0%a6%bf-%e0%a6%86%e0%a6%81%e0%a6%95%e0%a6%be-%e0%a6%9a%e0%a6%be%e0%a6%81%e0%a6%a6/

---

 

পাশে পাশে হেঁটে-যাওয়া মধ্য-বয়স  
ধাঁ-ধাঁ-র কালস্রোত হয়ে ঝুলে থাকতে চায় না,  
অলক্ষ্য-কে বিনিময় করে নিত্য-নূতনের অভিপ্রায়;  
এক চিমটি আগুনের বিনিময় বুঝে নিয়েছে  
উল্কি আঁকা আস্ত-মস্ত কুমারী চাঁদ।

এই দেখ, গাঁটের কড়িতে  
হাতে নিয়েছে পুনর্জীবিত দারুণ চাবি,  
ইচ্ছে হলেই খুলে ফেলতে পারে নবীন-নবীন তালা  
যখন তখন,সরব প্রতিযোগিতা করে।  
বরফ দেশ, গহীন জঙ্গল, গুহা বা হিমালয়ের চুড়া,  
তাঁবু ফেলতে পারে ইচ্ছে হলেই।

শুধু আত্মঘাতী চোখের ঘুঙ্গুর-নাচ  
বুঝতে/দেখতে/শুনতে পারে না,  
ঈর্ষা-হীন সূক্ষ্ম বিশুদ্ধতার উষ্ণ শীতকাল,  
আঁটসাঁট গ্রীষ্ম শেষে অঝোর বর্ষণ-বন্ধন কেটে  
আঁটকে পড়া হতভাগ্য এস্কিমো-রাত,  
অব্যর্থ দংশন বিষ, জল মেশানো দুধ, সমুদ্রের জলশূন্যতা;  
ও  
শুধু দেয়ালে আঁকা মৃত্যু পরোয়ানার বিবস্ত্র-গ্রাফিতি  
মুছে ফেলতে পারে না।

ছবি নেটের।

---

Comments: 22 — https://sonelablog.com/%e0%a6%89%e0%a6%b2%e0%a7%8d%e0%a6%95%e0%a6%bf-%e0%a6%86%e0%a6%81%e0%a6%95%e0%a6%be-%e0%a6%9a%e0%a6%be%e0%a6%81%e0%a6%a6/#comments
