# উপন্যাসের নারীরা

Author: সুপর্ণা ফাল্গুনী
Published: 2020-02-01
Category: কবিতা
URL: https://sonelablog.com/%e0%a6%89%e0%a6%aa%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%b8%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%a8%e0%a6%be%e0%a6%b0%e0%a7%80%e0%a6%b0%e0%a6%be/

সমরেশের মাধবীলতারা কি আজো-  
এক রাতের ফসল সারাজীবন সঙ্গী করে নেয়?  
দীপাবলীরা কি আজো-  
চা-বাগানে সাধারণে অসাধারণ হয়ে উঠে?  
শরৎবাবুর ভারতীরা আজো কি-  
শ্রমিকদের জীবনের উন্নয়ন,মান নিয়ে ভাবে?  
সমাজের কদর্য নিয়ম-নীতি ভেঙে-  
পুনরুজ্জাগরণের ‘পরিণীতা’ হয়ে ওঠে  
আজকের কোনো শিক্ষিত নারী?

সুনীলের সোনালীরা আজো কি-  
স্বামীর বিশ্বাসের জন্য অগ্নিপরীক্ষা দেয়?  
শান্তনুর ঝর্ণারা কি আজো শান্তনুদের মৃত্যুর পরও-  
তাদের স্মৃতি রোমন্থন করে বেড়ায়?  
বিভূতিভূষণের দূর্গারা কি আজো-  
অজপাড়া গাঁয়ে বেদনাক্রান্ত মৃত্যুকে বরণ করে নেয়?  
কপিলারা কি আজো দূর্বোধ্যতা ও রহস্যময়ের আলো-আঁধারিতে:  
কুবেরদের দাম্পত্য ছিন্ন করে অজানায় পাড়ি দেয়?  
মানিকদার শ্যামারা কি আজো-  
স্বামী-সন্তানের সুখের জন্য সর্বস্ব বিলিয়ে দেয়?  
শীর্ষেন্দুর রেমিরা কি শত অবজ্ঞা,অবহেলা সহ্য করে-  
আজো ধ্রুবদের ভালোবাসে অনন্তকাল?

রবিঠাকুরের লাবণ্যরা কি আজো-  
হৃদয়ের গভীরে অনুভূতিকে লুকিয়ে রাখে?  
পাহাড়ের আত্নবিশ্বাসী হৈমন্তীরা কি-  
যৌতুকের বলি হয়ে আজো অকালে ঝরে যায় ?  
নজরুলের রুবিরা কি আজো-  
ক্ষুধা, দারিদ্রতা, দূর্ভিক্ষের কবলে ধর্মান্তরিত হয়?  
রাক্ষুসীরা আজো কি যাতনা, হাহাকারে জর্জরিত হয়ে-  
প্রাণপ্রিয় সোয়ামিকে হত্যা করে?  
জীবনানন্দের সুরঞ্জনারা কি আজো যুবকের সাথে কথা বলে?
