# উত্তুরে হিম

- Author: [ছাইরাছ হেলাল](https://sonelablog.com/author/sairashelal/)
- Published: 2021-01-27T16:41:59+00:00
- Updated: 2021-02-03T09:57:39+00:00
- Category: [একান্ত অনুভূতি](https://sonelablog.com/category/misc/personal/)
- URL: https://sonelablog.com/%e0%a6%89%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%a4%e0%a7%81%e0%a6%b0%e0%a7%87-%e0%a6%b9%e0%a6%bf%e0%a6%ae/

---

 

আ-তীব্র উত্তুরে হিম আর অভেদ্য কুয়াশায়  
কল্পনা-আকাঙ্খার ফানুস, আড়ে বহরে বৃহৎ,  
সুদর্শন-দুর্দশার দ্বারগুলো উন্মুক্ত করে  
শুধুই ডাকে, আড়-চোখের ভাঁজে;  
মুক্তি-সুখ বিলাবে অকাতরে, নিরন্তর-নির্ঘুমে।  
সকল ব্যাধি-নিরাময়ে;  
চোখে রক্ত তুলে/ইনিয়ে-বিনিয়ে ভয়-ও ছুড়ে দেয়  
না-ভাঙ্গা শপথের দিব্যি দিয়ে।

পাশ ফিরে, আলস্যে গা-এলিয়ে আড়মোড়া ভেঙ্গে ভাবি,  
এই শীতে আমি-ই একমাত্র বা শেষ প্রেমিক নই; নিয়তির;  
ট্যারা চোখের রূপান্তরিত মিথ্যের জোয়ারে  
অসৎ অদূরদর্শী দাবা প্রভুর মিসকে ফিসফিসানি পথ-নির্দেশ!  
কী-ভাবে চকিতে গর্ত খুঁড়ে ঠেলে ফেলে দিতে হয়!!  
ফাঁদ আড়াল করে!!

সময়,  
এই এমন শীত-ও অতিক্রম করে, উপেক্ষার আদলে,  
আশীর্বাদ উন্মুখ সুখি উদ্যানে, সৌন্দর্য-হৃদয়ে,  
মলিন পরিধির ছায়া-শরীর পেছনে ফেলে,  
কস্তুরির গন্ধ মেখে।

---

Comments: 18 — https://sonelablog.com/%e0%a6%89%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%a4%e0%a7%81%e0%a6%b0%e0%a7%87-%e0%a6%b9%e0%a6%bf%e0%a6%ae/#comments
