# ঈদ উপহার

- Author: [জিসান শা ইকরাম](https://sonelablog.com/author/jeshan4u/)
- Published: 2022-07-10T06:34:40+00:00
- Updated: 2022-07-10T08:16:29+00:00
- Category: [ইতিহাস ঐতিহ্য](https://sonelablog.com/category/%e0%a6%87%e0%a6%a4%e0%a6%bf%e0%a6%b9%e0%a6%be%e0%a6%b8-%e0%a6%90%e0%a6%a4%e0%a6%bf%e0%a6%b9%e0%a7%8d%e0%a6%af/)
- URL: https://sonelablog.com/%e0%a6%88%e0%a6%a6-%e0%a6%89%e0%a6%aa%e0%a6%b9%e0%a6%be%e0%a6%b0/

---

কালের বিবর্তনে বাংলাদেশের ঈদের উপহার সামগ্রীর পরিবর্তন হয়েছে অনেক। ঈদ শব্দটিই তো পরিবর্তিত হয়ে ইদ হয়ে গিয়েছে। আমি সবসময় পরিবর্তনের পক্ষে থাকলেও ঈদ বানানটার পরিবর্তিত বানান লিখলাম না। বাংলা বানানের পরিবর্তন বা আধুনিক যদি করতেই হয়, তবে বাংলার কিছু অক্ষরও পরিবর্তন করা দরকার। এসব অক্ষর বাংলা ভাষাকে বৈশ্বিক ভাষা হিসেবে কঠিন করে দিয়েছে। স, শ, ষ/ র, ড়, ঢ়/ ন, ণ এ সমস্ত অক্ষর হতে একটি রাখলেই হয়। উচ্চারণে হয়ত তারতম্য হবে, কিন্তু তা বড় সমস্য নয়। অপরপক্ষ বুঝলেই তো হয়, বক্তা কি বলতে চাচ্ছেন। ভাষা আবিস্কারের পূর্বে একটি সময় তো মানুষ ইশারায় কথা বলতো। ইংরেজী S, R, N একটিই অক্ষর। ইংরেজী ভাষা এই সমস্ত অক্ষর দিয়ে চলতে পারলে বাংলা ভাষাও চলতে পারবে। বাংলা আন্তর্জাতিক মাতৃ ভাষার সাথে সম্পর্কযুক্ত। অথচ এর আন্তর্জাতিকতা তেমন দৃশ্যমান নয়। বিভিন্ন মোবাইল সেট এর ডিফল্ট ভাষার মধ্যে বাংলা খুব কম সেটেই আছে।  
মূল প্রসংগে আসা যাক-

বিগত কয়েক বছরে বাংলাদেশের সামাজিকতায় ব্যপক পরিবর্তন লক্ষনীয়। নারীদের মধ্যে ব্যাপক ভাবে বোরকার প্রচলন এর সর্বোৎকৃষ্ট উদাহরন। ১৯৭১ এর পূর্বে আমি কখনো বিদ্যালয়, মহাবিদ্যালয়ের ছাত্রীদের বোরকা পরিধান করতে দেখিনি। মা,খালা, নানী, দাদীদের বয়সী নারী ব্যতীত বোরকা কেহই পরিধান করতেন না। ৮০ বা ৯০ দশকেও পথে ঘাটে বোরকা আবৃত নারীদের খুব কম দেখা যেতো। তখনো এদেশের সংখ্যা গরিষ্ঠ মানুষ মুসলমান ছিলেন।  
যে সময় হতে জামায়াত ইসলাম, হেফাজত ইসলাম এর প্রভাব বৃদ্ধি হতে থাকে, সে সময় হতেই নারীদের বোরকা আবৃত করার পরিমানও বৃদ্ধি হতে থাকে। এর ফলে বাংলাদেশের সমাজ জীবনে কতটা সুফল বয়ে এনেছে তা ভবিষ্যত বলে দেব। তবে এর ফলে বোরকা, হিজাব ব্যবসায়ীদের ব্যবসা যে অত্যন্ত বৃদ্ধি পেয়েছে তা খুব সহযেই অনুমেয়। আমার এই উপলব্ধি কোন ভাবেই বোরকা বা হিজাব এর বিরুদ্ধে নয়। এটি যার যার ব্যক্তিগত পছন্দের বিষয়। বাংলাদেশের নারীরা শাড়ি এবং সেলওয়ার কামিজ পরিধান করেন। যা অত্যন্ত শালীন পোষাক।

সময়ের পরিবর্তনে ঈদের উপহার পরিবর্তিত হয়েছে। দুই তিন বছর পূর্বেও আমি ঈদে টি-শার্ট, প্যান্ট, পাঞ্জাবী, পাজামা উপহার হিসেবে পেয়েছি, দিয়েছিও। গত ঈদুল ফিতরে যা উপহার পেয়েছি তা সম্পুর্নই ইসলামী ঐতিহ্যে সাথে সম্পর্কযুক্ত।  
বরিশাল এর জাফরান রেস্টুরেন্ট উপহার হিসেবে দিয়েছে একটি তজবিহ, জায় নামাজ, আয়তুল কুরসী। পূবালী এবং মার্কেন্টাইল ব্যংক দিয়েছে আতর। বরিশাল IDLC দিয়েছে আতর, তজবিহ। আর সোনেলার একজন ব্লগার দিয়েছেন এই সমস্ত উপহার। ছবিতে দেখুন।  
![](https://sonelablog.com/wp-content/uploads/2022/07/F4176B66-F306-44B5-9B74-BB05F4CBF0DF.jpeg)

যা যা দিয়েছেনঃ  
১। স্যান্ডো গেঞ্জি  
২। পাজামা  
৩। পাঞ্জাবী  
৪। আতর  
৫। মাথায় দেয়ার তেল।

মাথায় দেয়ার তেল আমি আমার এই জীবনে প্রথম উপহার হিসেবে পেলাম।  
তেলের নাম RED KING.Mens Cooling Oil.  
এই তেলের গুনের কথায় বলা আছে- Relax,Sleep,Recharge.  
Cooling Oil.Relax,Sleep এর গুন এর কথা বুঝা গেলেও Recharge এর অর্থ কিছুতেই বুঝলাম না। মাথায় এই তেল দিলে কি Recharge হবে? মাথার মধ্যে তো ব্যাটারী নেই আমার। তাহলে রিচার্জ হবে কি? কেউ কি আমাকে বুঝিয়ে দিবেন এই রিচার্জ এর কি অর্থ?  
![](https://sonelablog.com/wp-content/uploads/2022/07/EEBCA7BD-680B-49FE-A43B-4E5F7D6A706D.jpeg)

এমন উপহার পেয়ে উপহার পাঠানো ব্লগারকে ধন্যবাদের জন্য ফোন দেয়ায় তিনি শিক্ষকের মত আচরন করে আমাকে শিক্ষা দিলেন ” আপনার মাথা খুব গরম, রাতে ঘুমানোর আগে রোজ এই তেল ভালোভাবে মাথায় দিবেন যাতে চুলের গোড়ায় মাথার চামড়ায় লাগে। মাথা একদম ঠান্ডা হবে, এতে আপনার ঘুম ভালো হবে। ”  
আমিও বাধ্যগত ছাত্রের মত সেদিন হতে ঘুমানোর পূর্বে এই তেল মাথায় দেই। মাথাও বেশ ঠান্ডা হয় এবং দ্রুত ঘুমিয়ে পড়ি। বলা যায় এটি তেল হিসেবে নয়, ঔষধ হিসেবেই ব্যবহার করছি।

এই তেল উপহার হিসেবে পাবার পূর্বে ঘুমানোর আগে একটি দেয়ালের একপাশ হতে অন্য পাশে কোলে নিয়ে একটি একটি ভেড়া নিয়ে যেতাম মনে মনে। এভাবে একশত ভেড়া অন্য পাশে নেবার পূর্বেই ঘুমিয়ে যেতাম। অথবা  
You tube এ মিউজিক শুনতে শুনতে ঘুমিয়ে যেতাম…

[♫ Лео Рохас Лучшее ♫ The Best Of Leo Rojas ♫](https://www.youtube.com/embed/how1TKHapdU?feature=oembed)

সবচেয়ে বেশী শুনতাম   The Last of the Mohicans by Alexadro Querevalu  এর সুরের মূর্ছনা। আপনিও শুনুন The Last of the Mohicans , সুরের মুর্ছনায় আপনার ঘুম আসতেও পারে।

[The Last of the Mohicans by Alexandro Querevalú](https://www.youtube.com/embed/7zIpNEloBz0?feature=oembed)

 

আর বর্তমানে এই তেল মাথায় দেই, মাথা ঠান্ডা হয়ে ঘুমিয়ে যাই দ্রুত।

উৎসর্গ : যিনি আমাকে ঘুম পাড়ানোর জন্য এমন কার্যকরী এবং অভিনব উপহার দিয়েছেন।

---

Comments: 8 — https://sonelablog.com/%e0%a6%88%e0%a6%a6-%e0%a6%89%e0%a6%aa%e0%a6%b9%e0%a6%be%e0%a6%b0/#comments
