# ইদানীং অশরীরীরা

- Author: [ছাইরাছ হেলাল](https://sonelablog.com/author/sairashelal/)
- Published: 2018-07-21T16:03:09+00:00
- Updated: 2018-07-21T16:03:09+00:00
- Category: [একান্ত অনুভূতি](https://sonelablog.com/category/misc/personal/)
- URL: https://sonelablog.com/%e0%a6%87%e0%a6%a6%e0%a6%be%e0%a6%a8%e0%a7%80%e0%a6%82-%e0%a6%85%e0%a6%b6%e0%a6%b0%e0%a7%80%e0%a6%b0%e0%a7%80%e0%a6%b0%e0%a6%be/

---

পিছু নেয় সারাক্ষণ,  
সামনা-ও নেয়, ছোঁয়া-ছোঁয়া না-ছোঁয়া-ছোঁয়া ভাবে,  
টুপ-টাপ খুট-খাট গুট-গাট ফিক-ফিক খিল-খিল  
তিড়িং-বিড়িং হি-হি হা-হা ও হয়, টের পাই।

আমাকে কেন্দ্রে ফেলে চক্রাকারে ঘোরে অশরীরিণী/অশরীরীরা,  
লম্বা-লম্বি আড়া-আড়ি উলম্ব-আয়তাকার-বর্গাকার  
জ্যামিতিক-অজ্যামিতিক নক্সায়;  
ভয়-ও দেখায় কৌণিক-তির্যক-তিরিক্ষি-অতীক্ষ্ণতায়,  
শিরশিরানি হয়;

অষ্ট প্রহর নয় ষোল/চব্বিশ প্রহর জুড়ে পিছু নেয়,  
শয়নে-স্বপনে তন্দ্রা-জাগরণে, প্রার্থনায়-ও,  
ঘাড় মটকানো বা চুমা চাট্টি দেয়নি  
দেবে-না তাও জানা যায়-নি।

অনন্যোপায় রাত-দিনের মাঝে ফাঁদ পাতলাম, সুগভীর কঠিন ফাঁদ,  
রাতের শেষ-প্রহরে দেখি পেট-পুড়ে চেটেপুটে ফাঁদ খেয়ে ফেলে  
আমাকেই চোখ পাকাচ্ছে!! চোখ মারছে! মনের গোপন নিয়েছে চিনে;  
মিষ্টি একটা ডাইনী-গন্ধ দেখছে আমাকে ঘিরে!!

ভয়ে-ভয়ে ভয় পাওয়ার কথা ভাবলাম,  
কিছু বিচিত্র উপায়ে বীর-বীর ভাব দেখানোর চেষ্টা করে  
বিফলের তেতো স্বাধ খেলাম;

কালি-বিহীন সবুজ কলম ও পৃষ্ঠা-বিহীন মনোহর  
খাতা ছুঁড়ে দিয়ে বলে ‘ন্যাখো’ এবং ‘ন্যাখো’,  
‘নিখে নিখে’ তাবৎ ব্রহ্মাণ্ড ঢেকে ফ্যালো;  
সোনেলা-ফোনেলা কিচ্ছু না,  
না ‘নিখলে’ চাঁদ-সূর্য কাজ-কাম গুটিয়ে কাঁদতে বসে যাবে!!  
কাঁদা-কাঁটার-কাঁপন শেষে মটকা মেরে পড়ে থাকবে!

এমন কথা শুনে-টুনে চোখের-হৃদয় চড়কে না উঠে  
বেহেড-হদ্দ-বুড়ো তালগাছের মাথায় চড়ে বসে!!

ভাবছি এবারে ছায়া-অশরীরী বেশে, সবার ঘাড় মটকে  
হৃদ-সুধায়  মাতাল হবো রক্ত-পানে।

---

Comments: 22 — https://sonelablog.com/%e0%a6%87%e0%a6%a6%e0%a6%be%e0%a6%a8%e0%a7%80%e0%a6%82-%e0%a6%85%e0%a6%b6%e0%a6%b0%e0%a7%80%e0%a6%b0%e0%a7%80%e0%a6%b0%e0%a6%be/#comments
