# ইচ্ছেরা – ১

- Author: [জিসান শা ইকরাম](https://sonelablog.com/author/jeshan4u/)
- Published: 2013-07-21T19:51:47+00:00
- Updated: 2013-07-21T19:59:51+00:00
- Category: [একান্ত অনুভূতি](https://sonelablog.com/category/misc/personal/)
- Tags: ইচ্ছে, দানব রুপী মানব
- URL: https://sonelablog.com/%e0%a6%87%e0%a6%9a%e0%a7%8d%e0%a6%9b%e0%a7%87%e0%a6%b0%e0%a6%be-%e0%a7%a7/

---

[!\[\](http://sonelablog.com/wp-content/uploads/2013/07/1-300x262.jpg)](http://sonelablog.com/wp-content/uploads/2013/07/1.jpg)

সময়ের সাথে সাথে ইচ্ছেগুলো পাল্টে যাচ্ছে আজকাল ।  
গ্রামীণ সড়কে গাড়ি নিয়ে চলতে হয় আমাকে । দিন বা রাত্রের বিভিন্ন সময়ে প্রায়ই সড়কের একপাশ থেকে অন্য পাশে বিভিন্ন প্রানী আসা যাওয়া করে । বেজি , গুইসাপ , সাপ , শিয়াল , কুকুর , বিড়াল এমনকি খাটাস দেখি প্রায়ই । পূর্বে এগুলোকে এড়ানোর খুব একটি চেষ্টা ছিল না , বরং রাতে শিয়ালের চোখে গাড়ির হেড লাইটের আলোয় জলন্ত চোখ দেখে , ড্রাইভারকে বলে ফেলতাম ‘ চাপা দাও ওটাকে ‘ । দু একটি চেস্টায় সফল হতো ড্রাইভার । গুইসাপকে চাপা দেয়া খুব সহজ । সড়ক অতিক্রমের সময় এরা খুব আস্তে ধীরে অতিক্রম করে । কেমন এক আড়ষ্ট চলাচল এদের ।

ইদানিং এদেরকে চাপা দেয়ার ইচ্ছেটা নেই আর । গুইসাপ কে সড়ক অতিক্রম করতে দেই গাড়ী থামিয়ে । গতকাল বিকেলে গাড়ী থামিয়ে এক গুইসাপকে নিরাপদ সড়ক অতিক্রম করতে দিয়েছি , গুইসাপ সড়ক অতিক্রম করে ঘুরে দাঁড়িয়ে আমার দিকে তাকিয়ে থেকেছে । সে কি কৃতজ্ঞ আমার উপরে ? নাকি অবাক হয়েছে – আমার এই আচরনে ?

এমনও হয়েছে , বেজি , সাপ , কুকুর , শিয়ালকে বাঁচাতে দু- এক সময় গাড়ী সড়কের একদম বাইরে মাটিতে চলে গিয়েছে , দুর্ঘটনার প্রায় কাছ থেকেও একদিন রক্ষা পেয়েছি বাঁচাতে গিয়ে ।

এই বন্য প্রানীদের পরিবর্তে আজকাল কিছু মানুষকে চাপা দিতে ইচ্ছে করে । কিছু দানব রুপী মানুষ যারা এই সব জীব জন্তুর চেয়ে কয়েক হাজার গুন হিংস্র । এই সব প্রানীরা আক্রান্ত না হলে মানুষকে আক্রমন করে না । কিন্তু মানুষ রুপী দানবরা মানুষকে আক্রমণ করে তেমন কোন কারন ছাড়াই ।

 

---

Comments: 15 — https://sonelablog.com/%e0%a6%87%e0%a6%9a%e0%a7%8d%e0%a6%9b%e0%a7%87%e0%a6%b0%e0%a6%be-%e0%a7%a7/#comments
