# আহ্লাদী কৃষ্ণচূড়া

- Author: [ছাইরাছ হেলাল](https://sonelablog.com/author/sairashelal/)
- Published: 2021-08-14T11:11:22+00:00
- Updated: 2021-08-14T06:45:27+00:00
- Category: [একান্ত অনুভূতি](https://sonelablog.com/category/misc/personal/)
- URL: https://sonelablog.com/%e0%a6%86%e0%a6%b9%e0%a7%8d%e0%a6%b2%e0%a6%be%e0%a6%a6%e0%a7%80-%e0%a6%95%e0%a7%83%e0%a6%b7%e0%a7%8d%e0%a6%a3%e0%a6%9a%e0%a7%82%e0%a7%9c%e0%a6%be/

---

 

আকাশে জলভরা মেঘ, ফ্যাকাসে মলিন, তথাপি-তবুও  
যথারীতি কবিত্ব-ফবিত্ব ছাড়াই তো শরৎ এসে গেল  
স্পর্শ-বিভ্রম ও;

স্বপ্ন-ধুতরা কুট কুট করে খেয়ে নিচ্ছে ভূত-ভবিষ্যৎ,  
একটু একটু করে,পরস্ত্রী-অন্ধকার প্রহেলিকার মত  
বিলাপ প্রহরের নীল-কান্নার ভান চালিয়ে।

একটু তুখোড় চুমুর মতো ধ্রুব-শরৎ-ঝড় আমার চাই,  
হেঁজিপেঁজি এবং হাঁপানি বিহীন স্বতঃপ্রণোদিত উচ্ছ্বাসে  
অজস্রের সহস্র জীবন, সত্য সুন্দরে।

ক্ষিপ্র কল্পতার নিয়মতান্ত্রিক গ্যাঁড়াকলের জুজু সে তো দেখেছি অনেক,  
শ্রান্ত-স্বপ্নের বোঝা চুপিসারে ঝুলে পড়ে প্রশ্নবিদ্ধ আচরণে  
চমৎকার নিত্য সঙ্গীদের মত।

চকচকে চকমকে মুহুর্মুহু কবিতা তো চাইনি, চাই- ও-না,  
ভেজা গন্ধমাখা কুহেলি-ও-না,  
শুধু ভেসে আসা ঝিনুক-সঙ্কেতের অবিরত উন্মোচন, নির্জনে,  
নৈশ-বস্ত্র খুলে রত্ন-গভীর লালের কৃষ্ণচূড়ার মত আহ্লাদিত  
সুরে-স্বরে।

ছবি নেট থেকে।

---

Comments: 14 — https://sonelablog.com/%e0%a6%86%e0%a6%b9%e0%a7%8d%e0%a6%b2%e0%a6%be%e0%a6%a6%e0%a7%80-%e0%a6%95%e0%a7%83%e0%a6%b7%e0%a7%8d%e0%a6%a3%e0%a6%9a%e0%a7%82%e0%a7%9c%e0%a6%be/#comments
