# আসুন আড্ডাই – সোনেলার আড্ডা পোষ্ট

Author: মেহেরী তাজ
Published: 2019-03-15
Category: অন্যান্য
URL: https://sonelablog.com/%e0%a6%86%e0%a6%b8%e0%a7%81%e0%a6%a8-%e0%a6%86%e0%a6%a1%e0%a7%8d%e0%a6%a1%e0%a6%be%e0%a6%87-%e0%a6%b8%e0%a7%8b%e0%a6%a8%e0%a7%87%e0%a6%b2%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%86%e0%a6%a1%e0%a7%8d%e0%a6%a1/

বুঝলেন? আসলে দিনকাল বদলাইছে। কতটা বদলাইছে তার একটা ছোট্ট উদাহরন দেই। যেমন ধরেন …। না থাক ধরতে হবে না। বলা তো যায় না কে কোথা থেকে পুরা কথা শুনেই গলাটা চেপে ধরে বলে “খামোশ বেয়াদপ” । চাল নাই চুলা নাই আবার বড়বড় কথা? এই বড় বড় কথা থেকে মনে পড়লো কথা কিন্তু আসলে বড় হয় না বড় হয় কথার অর্থ। এই যে অর্থ, সেটাও কিন্তু বিভিন্ন ধরনের হয়। যেমন ধরেন অর্থ মানে মিনিং। মানে মানে, আর একটা অর্থ হলো গিয়ে টাকা পয়সা। টাকা পয়সা তে কিন্তু সব হয় না বুঝলেন সাথে কিন্তু পাওয়ার লাগে। কারেন্ট কিন্তু না। শক্তি শক্তি, প্রতাপ। আবার ভুল করে উত্তাপ ভেবে বসবেন না এটা সম্পূর্ণই প্রতাপ। আমারও ছিলো প্রতাপ, শক্তি। এখন দিনকাল বদলাইছে সবই অতীত। একনলা একটা বন্দুক ছিলো আমার। সেটার ভয় দেখিয়েই কত কার কাছে কত কিছু করিয়েছি। সেই বন্দুকের শক্তিতেই কত বাঘা বাঘারা একঘাটে কিংবা ঘটিতে জল খাইছে। সে সবই অতীত বুঝলেন?

এই যেমন সোনেলার কথাই ধরেন। কত যে বদলেছে। আগে বন্দুক দেখিয়ে কাওকে ব্লগে ডাকলেই দেখতাম ছেলে মেয়ে সব ব্লগার চলে আসতো। আড্ডা হতো জম্পেস, কিন্তু এখন? সেদিন একজন (ভাইয়া। নাম নিলে বন্দুক থাকবে না) কে বললাম ভাইয়া আসেন ব্লগে আড্ডা দেই। টপিক হবে “আমরা ফার্স্ট নাকি আপনারা সেকেন্ড?” উনি মিনমিনিয়ে কি যে বললেন কিছুই বুঝলাম না। তারপর থেকে একটা জিনিস বুঝলাম ছেলেরা বন্দুক ভয় পায় কিন্তু তারা অনেকই ভালো। ভালো কেনো বলছি? এই ঘটনার কদিন পর তিনি ম্যাসেজ করলেন “আচ্ছা সে দেওয়া যাবে আসো। কিন্তু টপিক হবে ”তোমরা হারবে নাকি আমরা জিতবো”। মানে উনি রাজি।  
এবার এক প্রিয় আপুকে (নাম বললে গুলি থাকবে না) নক দিয়ে বললাম “আপু কতদিন ব্লগে আড্ডা দেই না, আসো আড্ডা দেই। টপিক হবে …। আপু বললো টপিক হবে “মাইর চিনস?”এবার আমিই মিনমিনিয়ে কি বললাম সেটা মনে নাই। আমি বললাম আপু থাক খুব খিদা লাগছে, যাই কিছু খেয়ে নেই। উনি এবার হুংকার দিয়ে বললেন “খামোশ পাপী” চলে যাবি মানে?  হাত পা ভেঙ্গে ফেলে রাখবো। আমি মনে মনে বললাম, তুমি খুব পঁচা, তোমরা সবাই পঁচা। উনি আমার মনের কথা ধরে ফেললেন। বললেন “কত্তবড় সাহস তোর আমাদের পঁচা বলিস?” এখনই বল আমরা ভালো। আমি ততক্ষনাৎ দৌড়ে পালিয়ে এলাম। এখন হারা জিতা কিংবা ভালো মন্দ হিসাব বা বিবেচনার দায়িত্ব আপনাদের। আমি কিন্তু নাই।

আসল কথা হচ্ছে, আড্ডা দিতে আসলাম, কিন্তু নির্দিষ্ট টপিকস নাই। এইডা কিছু হইলো? টপিকস ছাড়াই না হয় আড্ডা দিলাম আজ 🙂  
দিনকাল বদলাইছে না?
