# আমি হবো প্রকৃতির মতো

- Author: [সুপর্ণা ফাল্গুনী](https://sonelablog.com/author/suparna-falguni/)
- Published: 2020-05-15T16:29:41+00:00
- Updated: 2020-05-15T18:07:50+00:00
- Category: [কবিতা](https://sonelablog.com/category/literacy/poetry/)
- URL: https://sonelablog.com/%e0%a6%86%e0%a6%ae%e0%a6%bf-%e0%a6%b9%e0%a6%ac%e0%a7%8b-%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%95%e0%a7%83%e0%a6%a4%e0%a6%bf%e0%a6%b0-%e0%a6%ae%e0%a6%a4%e0%a7%8b/

---

হে নদী- তোমার আঁজলা ভরা জল-ঢেউ আমায় দাও,  
আমার মন-বৈঠা যেন ভাসতে পারে সেই লহরীতে।  
হে আকাশ- তোমার বিশালতা আমায় দাও,  
আমার অন্তরিন্দ্রিয়ের ব্যাসার্ধ যেন ছুঁয়ে যায় তোমাতে ।  
হে বৃষ্টি- তোমার বিশুদ্ধ-শীতলতা আমায় দাও,  
আমার অগ্নিশোধিত চিত্ত যেন জুড়ায় হিমেল পরশে।  
হে উত্তাল সাগর- তোমার গভীরতা আমায় দাও,  
আমার অন্তঃকরণের গভীরতা যেন বিলীন হয় তোমাতে।

হে পবন- তোমার দূরন্তপনা, চঞ্চলতা, ব্যাকুলতা আমায় দাও,  
তোমার মতো দূরন্ত, চঞ্চল হয়ে ছুটে বেড়াবো দিগন্ত থেকে দিগন্তে।  
হে নির্ঝরা- তোমার অদম্যতা, দুঃসাহস আমায় দাও,  
দূর্বার আকর্ষণে পতিত হতে পারি যেন মৃত্তিকার আলিঙ্গনে।  
হে আদিত্য- তোমার শক্তি, উষ্ণতা আমায় দাও,  
মনের ক্ষয়িষ্ণুতা, ব্যথাকে যেন রূপান্তর করতে পারি শক্তিতে।  
হে বৃক্ষ- তোমার ধীরতা,স্থণুবৎ আমায় দাও,  
শত কষ্ট, ঝড়-ঝঞ্ঝাটেও যেন নিশ্চল থাকতে পারি জীবনে।  
হে অগ্নি- তোমার আলোক, তাপ, অগ্নিকুন্ডলী আমায় দাও,  
হৃদয়ের সমস্ত জঞ্জাল,ব্যাধি, ঘৃণার্হ ছাইভস্ম করে দিতে।

---

Comments: 24 — https://sonelablog.com/%e0%a6%86%e0%a6%ae%e0%a6%bf-%e0%a6%b9%e0%a6%ac%e0%a7%8b-%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%95%e0%a7%83%e0%a6%a4%e0%a6%bf%e0%a6%b0-%e0%a6%ae%e0%a6%a4%e0%a7%8b/#comments
