# আমি মালাউন বলছি

- Author: [নীলাঞ্জনা নীলা](https://sonelablog.com/author/nilanjana/)
- Published: 2016-11-04T00:41:15+00:00
- Updated: 2016-11-04T00:41:15+00:00
- Category: [একান্ত অনুভূতি](https://sonelablog.com/category/misc/personal/)
- URL: https://sonelablog.com/%e0%a6%86%e0%a6%ae%e0%a6%bf-%e0%a6%ae%e0%a6%be%e0%a6%b2%e0%a6%be%e0%a6%89%e0%a6%a8-%e0%a6%ac%e0%a6%b2%e0%a6%9b%e0%a6%bf/

---

![হিন্দু-মুসলিম ভাই ভাই শুধু হিন্দু কেন পুড়ে ছাই?](http://sonelablog.com/wp-content/uploads/2016/11/75526_10151365270119091_617985536_n.jpg)

****হিন্দু-মুসলিম ভাই ভাই*** ***শুধু হিন্দু কেন পুড়ে ছাই?****

আজকাল যা কিছু হচ্ছে, সব ঠিক হচ্ছেনা। বিশেষ করে ধর্ম নিয়ে এতো জঘণ্য রকমের খেলা চালাচ্ছে। ভয়ে কিছুই বলতে পারছি না দেশের বাইরে থেকেও। আর কিভাবে খুব সাধারণ একজন রসরাজ দাসের সাহস হলো ফেসবুকে ইসলামকে অবমাননা করার? দেশের কোনো হিন্দুদের সেই সাহসেই কুলাবে না ফেসবুকে ইসলাম ধর্ম নিয়ে আপত্তিজনক কোনো কিছু লেখার কিংবা মুখে বলার। এই যে আমি দেশের বাইরে আছি, কতো ধরণের অসঙ্গতিপূর্ণ কথা শুনি, কতো বাজে রকমের মন্তব্য হিন্দুদের নিয়ে তাও লেখার কথা ভাবতেই পারিনা। নিজের জন্য ভয় পাইনা, ভয় করে আত্মীয়-স্বজন, প্রিয় মানুষ যারা দেশে আছে, তাদের জন্য। সেখানে কিভাবে একজন রসরাজ দাসের সাহস হবে ফেসবুকে কাবাশরীফের উপর শিবের মূর্তি দিয়ে ছবি পোষ্ট করার? এক বাবরী মসজিদ ভেঙ্গেছিলো ভারতের লোকজন, তার জন্য কোপ খেলো বাংলাদেশের হিন্দুরা, আর ধর্ষিত হলো শিশু থেকে নারীরা। তারপর থেকেই শুরু হলো প্রকাশ্যে মন্দির ভাঙ্গা, মূর্তি ভাঙ্গা। এতোদিন জানতাম বিএনপি-জামায়াতরা এসব করছে। এখন তো দেশে আওয়ামী লীগের সরকার। কই উনারা? আর কি দরকার রেখে আমাদের? মালাউনদের এই ৩% ভোটব্যাঙ্ক রেখে কি করবেন? তারচেয়ে একসাথে পিটিয়ে বের করে দিলেই তো পারেন। দেশের ইসলামধারী মহান মনিষীরা এক হউন এবং একেকজন মালাউনদের উচিৎ শিক্ষা দিন। জানিয়ে দিন বাংলাদেশ মালাউনদের জন্য নয়। হে ধর্ম প্রেমিকেরা যারা দেশকে ভালোবাসেন, বড়ো বড়ো কথা বলেন তাদের কাছে আবেদন এসব মালাউনদের একেবারে মুক্তি দিন। রাষ্ট্রধর্ম ইসলামের দেশ বাংলাদেশের হিন্দুগুলোর কোনো কূলই নেই। চৌকির তলা আর আগরতলা একই। কিছু বললেই শুনতে হয় ভারতেও তো মুসলমানদের নিয়ে এরচেয়ে অনেক বেশী হয়! তার মানেটা কি! কি বলতে চান সবাই? ভারতে মুসলমান মার খেলে বাংলাদেশে হিন্দুদের উপর দিয়ে প্রতিশোধ নেয়া হবে? ভারতে যে পরিমাণ মুসলমান সে পরিমাণ তো বাংলাদেশ কিংবা পাকিস্তানেও নেই। ভারত নিয়ে মাথা ঘামাই না আমি। আমার বাবা-মা ভারতের না, আমার জন্ম ভারতে না। আমি সুযোগ পেয়েও ভারতে গিয়ে থাকিনি। এমনকি আমার বাবা-মা-বন্ধু-বান্ধব-আত্মীয়-স্বজনেরাও না।

শুনুন মালাউনদের বের করে দিয়ে আরেকটা কাজও করুন জাতীয় সঙ্গীত বদলে নিন। পবিত্র ইসলাম ধর্মের কাউকে দিয়ে নতূন করে তৈরী করে নিন। আমি কখনও সাম্প্রদায়িক সম্প্রীতির বিরুদ্ধে কথা বলিনি। কিন্তু আজ না বলে আর পারছিনা। অফিসিয়ালভাবে মালাউনের বাচ্চা সার্টিফিকেটও দিয়েছেন আমাদের মন্ত্রী মহোদয়। আচ্ছা যে ছবি নিয়ে এতোকিছু চলছে, কতোজন ওই ছবি দেখেছেন? বহু আগে আমার ফেসবুক ওয়ালে একটা ছবি দিয়েছিলাম বুদ্ধের মূর্তির উপর কেউ একজন দাঁড়িয়ে, এ নিয়ে বেশ কিছু লোকজন আমাকে বললেন এসব ফটোশপ। কোনো লোক ফেসবুক হ্যাক করে ছবিটা দিয়েছে। রসরাজ দাস যদি রমজান আলী হতো, আহারে বেচারা হয়েছে মালাউন দাস। ধর্মটা কি এতোই দামী মানুষের জীবনের থেকে? অনেক কথা সুপ্ত আগ্নেয়গিরি হয়ে জমে আছে, কারণ সত্যি নেয়ার মতো সৎ সাহস সবার থাকেনা। বড়ো কথা সকলেই বলতে পারেন।

শুধু এ দুটো প্রশ্নের উত্তর দিন তো(যদিও অনেক অনেক প্রশ্ন আছে),  
১) বাংলাদেশ সাম্প্রদায়িক সৌহার্দ্যের দেশ যদি হয়ে থাকে, তাহলে কেন রাষ্ট্রধর্ম ইসলাম?  
২) তনু, খাদিজাদের নিয়ে অনেক আন্দোলন হলো, ছোট্ট পুজা কি তাহলে গণিমতের মাল?

হ্যামিল্টন, কানাডা  
৩ নভেম্বর, ২০১৬ ইং।

---

Comments: 32 — https://sonelablog.com/%e0%a6%86%e0%a6%ae%e0%a6%bf-%e0%a6%ae%e0%a6%be%e0%a6%b2%e0%a6%be%e0%a6%89%e0%a6%a8-%e0%a6%ac%e0%a6%b2%e0%a6%9b%e0%a6%bf/#comments
