# আমি ছন্দ তালের চাষী

- Author: [বোরহানুল ইসলাম লিটন](https://sonelablog.com/author/borhan081975/)
- Published: 2022-01-31T03:07:16+00:00
- Updated: 2022-01-31T03:07:16+00:00
- Category: [কবিতা](https://sonelablog.com/category/literacy/poetry/)
- URL: https://sonelablog.com/%e0%a6%86%e0%a6%ae%e0%a6%bf-%e0%a6%9b%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a6-%e0%a6%a4%e0%a6%be%e0%a6%b2%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%9a%e0%a6%be%e0%a6%b7%e0%a7%80/

---

আমি, ছন্দ তালের চাষী!  
পিঞ্জরে মোর হয় বলে ভাব  
তাল লয়ে উচ্ছ্বাসী,  
আমি, ছন্দ তালের চাষী!

ছন্দ আমার প্রাণের সাড়া  
হৃদয় বীণার সুর,  
ছন্দ দিয়েই রোজ করি তাই  
বহ্নি ব্যথা দূর।  
কয় যদি কেউ চোখ করে আড়  
তাল কভু কি ভুখার খাবার?  
ছন্দ বাণেই দিই রুখে তার  
বাঁকা ঠোঁটের হাসি।  
আমি, ছন্দ তালের চাষী!

গাই সুখে গান ছন্দে আমি  
ছন্দে করি বাস,  
ছন্দ থেকেই রোজ খুঁজে নিই  
ঢের সুখী বিশ্বাস।  
ভাবলে যে কেউ পণ্ড এ শ্রম  
সুধাই তোমার নয় কি গো ভ্রম?  
ছন্দ সুরেই দিই তারে তাই  
যুক্তি রাশি রাশি।  
আমি, ছন্দ তালের চাষী!

ছবিঃ সোনেলা গ্যালারী থেকে।

---

Comments: 9 — https://sonelablog.com/%e0%a6%86%e0%a6%ae%e0%a6%bf-%e0%a6%9b%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a6-%e0%a6%a4%e0%a6%be%e0%a6%b2%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%9a%e0%a6%be%e0%a6%b7%e0%a7%80/#comments
