# আমি ও বাবা

Author: হালিম নজরুল
Published: 2021-06-20
Category: ছড়া
URL: https://sonelablog.com/%e0%a6%86%e0%a6%ae%e0%a6%bf-%e0%a6%93-%e0%a6%ac%e0%a6%be%e0%a6%ac%e0%a6%be/

*আমি তখন অনেক ছোটো,*  
*ঘুর ঘুরিয়ে বেড়ায় টো টো।*  
*হাঁটতে গিয়ে বসে পড়ি*  
*বসতে গিয়ে ধপাস!*  
*আমায় উনি রক্ষা করেন*  
*থাকেন এ পাশ ও পাশ।*

*হাত বাড়িয়ে বলেন “ওঠো,*  
*বীর বাহাদুর খোকা “*  
*আমি কী আর বুঝেছি তা,*  
*ছিলাম বোকাসোকা।*  
*চলতে শিখি বলতে শিখি*  
*পড়তে বসি লিখন লিখি*  
*বাবা আমার একটি দিনও*  
*দেয়নি কোন ধোকা।*

*ছুটির পরেই বিদ্যালয়ের দ্বারে*  
*প্রখর রোদে তিনি রাস্তার ধারে*  
*দাঁড়িয়ে থাকেন একা।*  
*তিনি থাকেন বলেই হয়তো*  
*হয় না যমের দেখা।*  
*বৃষ্টি-রোদে মাথার ছাতা*  
*স্বাদ- আহ্লাদের অন্নদাতা*  
*তিনিই আমায় দেন আঁকিয়ে*  
*জীবন পথের রেখা।*

*তার ক্ষুধা নেই তার সুধা নেই*  
*নেই ক্লান্তি ঘুম,*  
*নিজেই বাবা হবার পরেও*  
*পাচ্ছি আদর চুম।*  
*তার ছাঁয়াতেই ধন্য জীবন*  
*পারতো হতে অন্য জীবন*  
*আমার জন্য সকল সময়*  
*তার কাটে নির্ঘুম।*

*যার জন্য এই আমি আজ*  
*পরছি মাথায় বিজয়ী তাজ*  
*বিপদ এলে আজও বলেন*  
*“সোনার খোকন ওঠো”।*  
*বুঝতে পারি বাবার কাছে*  
*কত্ত আমি ছোটো।*

*চোখ ভিজে যায় জলে,*  
*অসীম কোলাহলে*  
*আমায় বলেন “উঠে দাঁড়াও”*  
*বিপদগ্রস্ত হলে।*  
*আমি দাঁড়ায়, নুইয়ে পড়ি,*  
*আবার দাঁড়ায় উঠে।*  
*কিন্তু বাবা দাঁড়ায় না আর*  
*শক্তি গেছে টুটে।*  
*শয্যাপাশে যখন বসি*  
*হেসে ওঠেন সোনার শশী*  
*এই পৃথিবীর চতুর্দিকে*  
*ফুলরা ওঠে ফুটে।*
