# আমার স্বপ্নগুলো

- Author: [সুপর্ণা ফাল্গুনী](https://sonelablog.com/author/suparna-falguni/)
- Published: 2020-02-10T11:17:50+00:00
- Updated: 2020-02-10T12:36:10+00:00
- Category: [কবিতা](https://sonelablog.com/category/literacy/poetry/)
- URL: https://sonelablog.com/%e0%a6%86%e0%a6%ae%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%a8%e0%a6%97%e0%a7%81%e0%a6%b2%e0%a7%8b/

---

আমার ভালোবাসার মধুর স্বপ্নগুলো দূর আকাশের  
ঐ নিষিদ্ধ মেঘের আড়ালে হারিয়ে গেছে।  
আজ আমি পথহারা এক পথিক,  
না- আমার কোনো উদ্দেশ্য,আকাঙ্ক্ষা নেই আর;  
তবুও আমি নতুন একটি সুন্দর মূহুর্তের আলোয়  
প্রতিটি ক্ষণ নব নব রোমাঞ্চে শিহরিত হই।  
স্বপ্ন-বিভোরতার মোহে নিজেকে ভরিয়ে রাখি।  
প্রতি পলকে পলকে আশার প্রদীপ জ্বেলে যাই;  
এভাবেই জীবনের প্রদীপ-শিখা নিভে যাবে-  
হয়ে যাবো আমি অতীত;  
স্মৃতির আয়নায় হারাবো আমার আমিত্বকে।  
আশাকে বাঁচিয়ে এভাবেই বেঁচে রই পরকাষ্ঠা হয়ে।  
হৃদয় নদীতে রক্তের ঝর্ণা ধারা বয়ে চলে অবিরত,  
রক্তের লালিমায় ভরে থাকে হৃদয়ের আনাচে কানাচে;  
কামনা-বাসনায় ক্ষতবিক্ষত,ছিন্নভিন্ন মন-পবনের নাও।  
মেঘ-ভেলায় ভেসে রয় স্বপ্নের রঙিন ঘুড়ি;  
আশার আঁধারে জমা স্বপ্নের ভগ্নাংশ-  
টালমাটাল বিশ্বাসের নাটাই হলো হাতবদল।  
আকাশের মেঘকে যতটা না ভয়,  
পৃথিবীর নির্মমতাকে,নিষ্ঠুরতাকে বড্ডো বেশী ভয়;  
পৃথিবীর নিষ্ঠুর মানবজাতিকে বড্ডো বেশী ভয়।

---

Comments: 25 — https://sonelablog.com/%e0%a6%86%e0%a6%ae%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%a8%e0%a6%97%e0%a7%81%e0%a6%b2%e0%a7%8b/#comments
