# আমার শহরে কাশবন নেই

- Author: [তৌহিদুল ইসলাম](https://sonelablog.com/author/touhidislam/)
- Published: 2019-09-10T18:23:00+00:00
- Updated: 2019-09-11T14:08:12+00:00
- Category: [একান্ত অনুভূতি](https://sonelablog.com/category/misc/personal/)
- URL: https://sonelablog.com/%e0%a6%86%e0%a6%ae%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%b6%e0%a6%b9%e0%a6%b0%e0%a7%87-%e0%a6%95%e0%a6%be%e0%a6%81%e0%a6%b6%e0%a6%ab%e0%a7%81%e0%a6%b2-%e0%a6%a8%e0%a7%87%e0%a6%87/

---

আমার শহরে কাশবন নেই।  
সংকীর্ণতায় অন্ধ অমরত্বতার বিস্বাদ গায়ে মেখে  
অনুভবে আজ আমি ঘরেও নেই পাড়েও নেই;  
আছি এ দু’য়ের মাঝখানে।  
সন্ধ্যাবেলায় নিশুতিডাকের বিদীর্ণ আহাজারিকে  
শৃঙ্খলবন্দী করে বেঁচে থাকবো নতুনরুপে,  
এই ধরাধামে যতদিন আছে নিঃশ্বাসে প্রাণ করেছি পণ;  
হাঁটবো নতুন পুজ্যপথে,কাশফুলের সাথে।

এই শহরে চেনামুখগুলি আর চেনা নেই।  
আঁধারের অস্পৃশ্যতায় বন্দী হয়েছে মর্তের স্নেহপ্রেম;  
অন্ধ অনুরাগে জলকেলিতে মত্ত নৃস্বর্গের দেবীরা।  
অপার্থিব অতিপ্রাকৃত আলোকজ্জ্বল মধুমায়ায়  
অথবা যুগলবন্দী কায়ার ছিন্নবিচ্ছিন্নতার দ্বন্দ্বে-  
নবমন্ত্রে দীক্ষিত হয়েছি আজ।  
তোমার বাহুডোরের লোভকাতুরতায়,  
ছিঁড়েছি জাগতিক সব বন্ধন শিখা।

কাশফুলের শুভ্রতার অবগাহনসুরে  
বিশ্বপ্রকৃতির চেতন-অচেতনতায় অনন্ত সৌন্দর্য মাঝে,  
একা একা স্বশরীরে সুন্দরবেশে হেঁটেছি সে মেঠোপথে।  
আমি নরকগুলজার প্রাপ্তিযোগ্য বন্দিতো নই?  
তাই মানবযক্ষের বিরহ-ব্যথাকে পায়ে ঠেলেছি-  
রাগিণীর মূর্ছনায়, মেঘদূতের আহবানে।

অন্তর্ভেদী বেদনায় মোহাচ্ছন্নতার প্রেমপূজারী আমি।  
তোমাকে না পাওয়ার কান্না আকাঙ্ক্ষার নিরবিচ্ছিন্নতায়;  
সংসার স্রোতের বন্যায় ভেসে চলেছি হাস্য-পরিহাসে।  
দুঃখ-শোকের আবর্ত বার্তায় উদ্বেলিত  
কিংবা অতৃপ্তির চিত্ত-অধীরতাকে পাশকাটিয়ে;  
চলো যাই তোমার শহরের কাশবনে।  
হবো দু’জনে মুখোমুখি, প্রেমমত্ত্বতায় মাখামাখি;  
ঘন নিভৃতে শুধু তুমি আর আমি।

---

Comments: 33 — https://sonelablog.com/%e0%a6%86%e0%a6%ae%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%b6%e0%a6%b9%e0%a6%b0%e0%a7%87-%e0%a6%95%e0%a6%be%e0%a6%81%e0%a6%b6%e0%a6%ab%e0%a7%81%e0%a6%b2-%e0%a6%a8%e0%a7%87%e0%a6%87/#comments
