# আমার বড্ড ভয়

- Author: [সিকদার সাদ রহমান](https://sonelablog.com/author/sadrahman25/)
- Published: 2019-07-08T16:43:15+00:00
- Updated: 2019-07-08T16:43:15+00:00
- Category: [কবিতা](https://sonelablog.com/category/literacy/poetry/)
- URL: https://sonelablog.com/%e0%a6%86%e0%a6%ae%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%ac%e0%a6%a1%e0%a7%8d%e0%a6%a1-%e0%a6%ad%e0%a7%9f/

---

আমার ও মেয়ে আছে!  
বয়স মাত্র দুই।  
আমার বড্ড ভয়, মেয়ে বড় হচ্ছে!

আমি খেয়াল করে দেখি,  
কত গুলো চোখ তাকিয়ে থাকে  
মেয়েদের দিকে নির্লজ্জ ভাবে।  
রাস্তায় চলার সময়  
বাসে বসার সময়,  
রিক্সায় যাবার সময়,  
আমার চোখের সামনেই ঘটে চোখে চোখে ধর্ষণ।  
তাকিয়ে দেখা ছাড়া কিছুই করার নেই।  
আমি ভীতু! আমার কিছু বলার নেই!

রাস্তায় ওড়না ছাড়া মেয়েটির বুকের দিকে চেয়ে গিলে গিলে খেলো এক দল শকুন।  
আমি তাকিয়েই দেখে গেলাম!  
আমার কিছু করার নেই!  
এই শহরে আমাকেও থাকতে হবে, বাঁচতে হবে।  
আমার কিছু বলার নেই।

এই শহরে নয় মাসের শিশু হয় ধর্ষিত!  
এই দেশে শতবর্ষী বৃদ্ধার ও সম্ভ্রমহানী ঘটে!  
মসজিদের ইমাম ধর্ষণ করে,  
পরম পূজ্যতম শিক্ষক করে ভোগ!

এই শহরেরই এক দালানে আমার মেয়ে বড় হচ্ছে!  
তাকেও তো একদিন বাইরে বের হতে হবে,  
স্কুলে যেতে হবে,  
কলেজে যেতে হবে,  
শিক্ষকের কাছে পড়তে যাবে  
মক্তবে আরবী শিখবে,  
বন্ধুদের সাথে আড্ডায় মাতাবে।

আমার বড্ড ভয়! আমার মেয়ে বড় হচ্ছে!  
কে বাঁচাবে আমার মেয়েকে,  
ঐ শকুনের জাত থেকে?  
তাঁর বেলায় ও কি এমন হবে?

এই দেশ ও একদিন স্বাধীন হয়েছিলো।  
এই শহরেই আমার মায়ের বাস!  
আমার বোনের বাস, আমার স্ত্রী থাকে!  
এই দেশের এই শহরেই আমার মেয়ে বড় হয়!  
কতগুলো চোখ ও বড় হচ্ছে!  
আমার বড্ড ভয়!

---

Comments: 15 — https://sonelablog.com/%e0%a6%86%e0%a6%ae%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%ac%e0%a6%a1%e0%a7%8d%e0%a6%a1-%e0%a6%ad%e0%a7%9f/#comments
