# না-বলা আপনি; মুখোমুখি

- Author: [নাজমুল হুদা](https://sonelablog.com/author/nazmul-hoda/)
- Published: 2020-10-29T02:03:48+00:00
- Updated: 2020-10-29T03:23:09+00:00
- Category: [কবিতা](https://sonelablog.com/category/literacy/poetry/)
- URL: https://sonelablog.com/%e0%a6%86%e0%a6%ae%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%a8%e0%a6%be-%e0%a6%ac%e0%a6%b2%e0%a6%be-%e0%a6%86%e0%a6%aa%e0%a6%a8%e0%a6%bf/

---

একবার আমরা খুব মুখোমুখি হয়ে বসবো

আমি আমন্ত্রণ জানালে আপনার অজান্তে।

.

সেইদিন বৃষ্টি হবে-

বৃষ্টি তীব্রতায় আপনার অনুপস্থিতি

অধীর আগ্রহে প্রশ্ন তুলবে আপনার দিকে

খুব জানতে হবে- কোথায় ছিলেন আপনি?

যে কথা বলতে চেয়েছি আমি। বলবো না-

আপনি বলবেন- সেই থেকে আর ছিলাম না।

.

সাংকেতিক চিহ্নে আমি দুঃখ জানান দিলে

আমিই বলবো-

           কারো কারো অনুপস্থিতি বৃষ্টির জল

           নিঃসঙ্গতায় আমাকেও ডুবিয়ে রাখে।

.

অনেকদিন কিংবা অনেক বছর পরেও

আমন্ত্রণ জানালে আপনার মুখোমুখি

আমি বলবো আপনাকেই-

দীর্ঘদিন আটকে রাখা পোষা পাখির মতো

যে কথাটি ভেতরে ভেতরে পোষে রেখেছি।

.

মুখোমুখি আমার সেই কথাটি-

আপনার মুখে উড়ে অবাধ্য চুলের শাসন

হঠাৎ একটি আঙ্গুলের স্পর্শ সরিয়ে দিলে

আমি বলছি- সজ্ঞানে আপনি থেকে তুমি

           হ্যাঁ! তোমার কপাল, তোমার চোখ।

           আমি মুখোমুখি তোমার কাছে ভাষাহত

           যে কথা বলতে চাই, আমি বলতে পারিনা।

.

২৭ শে অক্টোবর

আপনি মুখোমুখি বসে আছেন

ঝরা পাতার মতো লেপ্টে আছেন

আমার না-বলা আপনি; আমার সহস্র কথায়।

---

Comments: 10 — https://sonelablog.com/%e0%a6%86%e0%a6%ae%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%a8%e0%a6%be-%e0%a6%ac%e0%a6%b2%e0%a6%be-%e0%a6%86%e0%a6%aa%e0%a6%a8%e0%a6%bf/#comments
