# আমার দেশ

Author: দেবজ্যোতি কাজল
Published: 2020-01-19
Category: এদেশ
URL: https://sonelablog.com/%e0%a6%86%e0%a6%ae%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b6/

আমাকে বসিয়ে রেখে  
আসি ব’লে না-ফিরে “আমার দেশ” ।

অপেক্ষাবদ্ধ চোখ , স্ফুলিঙ্গ সূর্যাস্ত-  
গড়িয়ে যখন ঠারেঠোরে অন্ধকার  
তখন আমি বুঝতে পারি  
আমার দেশ আমার বুকের বিছানায় ঘুমিয়ে গেছে ।

আমি আলতু আগুন স্পর্শ করি বর্ষবলয় রোমাঞ্চে ।  
ক্ষয় আর পবিত্র মনে ।

অপেক্ষার ঘুম ততক্ষণে চোখ বুজে-

রোমাঞ্চিত হয় ।

পাঁচটা ভারত আমার দেশ । দু’টি নদী তারাও আমার দেশ । ঋতু ও শিশুগাছগুলোও আমার দেশ । রহস্যের রোদন আর স্বরলিপি হাসি সেও আমার দেশ ।

রাজনীতিতে ধর্ম অধর্ম বুকবাজিয়ে যারা আমায় শাসন করে

সেও আমার দেশ । ধর্মিয়তোষণ সেও আমার দেশ ।

বৈধব্যের কাপড়ে কাশেমালি চোখ মুছে বলে ,  
“ এত কেনো ঘৃণা….”  
চাচা যে সংখ্যালঘু , ভারতীয় নয়, নেতার কলমে ।

কাশেমালি বলো , এটা আমার দেশ । নৈতিকতার আমার দেশ ।

![](https://sonelablog.com/wp-content/uploads/2020/01/images3.jpg)

হাইপার সিৎজোফ্রেনিয়া সেও আমার দেশ  
পাকিস্তান জিন্দাবাদ , সেও আমার দেশ  
পাকিস্তান মুর্দাবাদ রক্তজবা শ্লোগান সেও আমার দেশ  
পূর্ব পশ্চিম ভাগ হয়ে যাওয়া দ্বিজাতি সত্তা আমার দেশ । জয় বাংলা , সেও আমার দেশ ;

আমার দেশের ভগ্নাংশ ,তৃতীয় নয়ন ,  
প্রেমিক সকাল  
মনুমেন্ট দুপুর  
পঙক্তি বিকেল  
আমার দেশের সপ্তমাশ্চার্য অন্তর নয়ন  
পাহাড় । সমুদ্র । তীর্থ । মুগ্ধ ভ্রমন ।  
বিশ্ব বাউলার তাপ্তি আলখাল্লায়-  
সাত রঙের রাজ্য-ভাগ আমার দেশ ।

বিশ্ববিদ্যালয়ে যখন চুমু চুমু স্নেহ ঠোঁট  
সে যেনো কেও পর্নোগ্রাফি বলা আমার দেশ  
উড়ান ঈশ্বরকে হাতের মুঠোয় চেপে  
নারীকে আকাশে উড়িয়ে দেওয়া আমার দেশ  
আমার দেশ মহান । আলবাত মহান ।  
মোল্লা পুরোহিতের এদেশ নয় বলছি ,  
এ দেশ ভারতীয়দের । সিন্ধুবাসির ।

এদেশ তবুও কাঁদে । লজ্জায় নত ।  
পুঁজিবাদের ২০৬ খানা হাড়ে বুক ঘামে  
শ্রমিক , কৃষকের শ্রমের দগ্ধ তমিস্র বুকে ।  
গোধুলির আশ্চর্য সুদূর ছাতিম ছায়ার-  
মায়া ছড়ায় সেও তো আমার দেশ ।  
আমার অপেক্ষা ভাঙে  
বিনোদনীর মায়াবী ঠোঁটে ,  
কে যেনো গান গেয়ে বলে , কবি ওঠে পড় তীর্থে যেতে হবে । অপেক্ষারত আমার দেশ ।
