# আমার ঘুম-আমার কথকতা

- Author: [সাবিনা ইয়াসমিন](https://sonelablog.com/author/sabina-yeasmin/)
- Published: 2020-07-02T22:00:09+00:00
- Updated: 2020-07-02T22:23:56+00:00
- Category: [একান্ত অনুভূতি](https://sonelablog.com/category/misc/personal/)
- URL: https://sonelablog.com/%e0%a6%86%e0%a6%ae%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%98%e0%a7%81%e0%a6%ae-%e0%a6%86%e0%a6%ae%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%95%e0%a6%a5%e0%a6%95%e0%a6%a4%e0%a6%be/

---

ঘুম, ঘুমাতে পছন্দ করে না এমন মানুষ বিরল। জগতের সকল প্রাণীই ঘুমায়। শুয়ে-শুয়েই ঘুমাতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই। যে যার সুবিধামতো পজিশনে। পাখিরা ঘুমায় গাছের ডালে বসে/দাঁড়িয়ে। বাঁদুড়/ চামচিকা ঘুমায় গাছের ডালে উল্টো ঝুলে। ঘোড়া দাঁড়িয়ে ঘুমায়। পানিতে মাছেরাও ঘুমায়, ভেসে-ভাসমান অবস্থায়। মানে ঘুমটাই আসল, পজিশন জরুরী নয়।

প্রায় প্রত্যেক মানুষেরই দিন শেষে টার্গেট থাকে আরামদায়ক বিছানায় সুন্দর একটা ঘুম দেয়ার। ঘুম আমাদের মস্তিষ্কের জন্য খুবই উপকারী। অনেকেরই সারাজীবনের প্রায় অর্ধেক জীবন কেটে যায় আরাম করে না ঘুমাতে পারার আফসোস নিয়ে। আবার অনেকেই ঠিকঠাক মতো খেতে পাক বা না পাক, ঘুমাতে পারেন। ধার্মিক ব্যাক্তিরা ঘুমকে সাময়িক মৃত্যুর সাথে তুলনা করেন, কিন্তু তারাও ঘুমান। কারণ ঘুম আমাদের দেহের সার্বিক স্বাস্থ্য নিরাপত্তার সাথে ওতপ্রোতভাবে জড়িত। খিদে পেলে যেমন খেতে  হয়, তেমনি ক্লান্ত শরীর সুস্থ্য-মজবুত রাখার জন্যে সময়মতো ঘুমানো আবশ্যক।

বিভিন্ন সমীক্ষায় জানা হয়েছে দুই শ্রেণীর মানুষ ঠিকঠাক মতো ঘুমাতে পারে না। এক-অতি সুখী মানুষ,  দুই- অতি দুঃখী। অত্যাধিক কোনো কিছুই ভালো না। বেশি সুখ মানুষকে অলস বানিয়ে ফেলে, অতি কষ্ট মানুষকে বর্বর বানাতে পারে। স্বাভাবিক  সব কিছুই নষ্ট হয়ে যায় যেকোনো কিছু অতিরিক্ত হয়ে গেলে।

আমি ঘুম নিয়ে এত কথা কেন বলছি! কারণ একটাই, উপরোক্ত কথাগুলো ভেবে-ভেবেই আমার ঘুম নাই হয়ে গেছে। যদিও আমি অজ্ঞান হওয়ার আগ পর্যন্ত ঘুমাইনা। আগে আমার প্রায়ই মনেহতো ঘুমালেই আমার লস। জেগে থেকে আমি যা করতে পারি, ঘুমিয়ে পড়লে তার কিছুই পারবো না। অল্পকিছু দিনের জন্য পৃথিবীতে এসেছি, নিজের জন্য ব্যায় করার সময় হাতে খুব কমই পাই। ভয় হতো, যদি সময়গুলো সব ঘুমিয়েই শেষ হয়ে যায়! এই টেনশন আমাকে ঘুমাতে দিতো না। তবু্ও একটা টাইমে আমি ঘুমিয়ে যেতাম। বছরে সব মিলিয়ে এক-আধ ডজন স্বপ্নও দেখতাম। যেগুলোর বেশিরভাগ মনে থাকতো না।

কিন্তু এখন!

ইদানীং আমার ঘুম আসে না। ঘুমালেই উল্টাপাল্টা স্বপ্ন দেখি। স্বপ্ন গুলো আমায় ব্যতিব্যস্ত করে দেয়। খুব করে ভাবলে স্বপ্ন গুলো সুন্দর মনে হয়। কিন্তু বাস্তবতার সাথে মিলিয়ে নিতে চাইলেই আশাহত হয়ে পড়ি। আমি খুব সুখী কিনা বুঝতে পারছি না, অতিরিক্ত দুঃখও আমার মাঝে নেই। পৃথিবীর নানান রকম মানুষের নানাবিধ সুখ-কষ্টের সাথে তুলনা করলে দেখা যাবে, সৃষ্টিকর্তা আমাকে অনেক ভালো রেখেছেন।

এতকিছু জেনে-বুঝেও আমি ঘুমাতে পারছি না। আমি এখন ঘুমাতে চাচ্ছিও না। উল্টাপাল্টা স্বপ্ন দেখার চাইতে আকাশের আষাঢ়ি চাঁদ আমায় বেশি টানছে। শান্ত রাত-জোছনাময় চাঁদের আলো গায়ে মেখে আমি জেগে থাকতে চাই। জাগরণের আনন্দে বিভোর এই মনকে বন্দী করতে চাই না কোন ঘুমের রাজ্যে বা স্বপ্নের ইন্দ্রজালে…।

শুভ মায়াবী রাত।

 

* ছবি -নেট থেকে।

---

Comments: 26 — https://sonelablog.com/%e0%a6%86%e0%a6%ae%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%98%e0%a7%81%e0%a6%ae-%e0%a6%86%e0%a6%ae%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%95%e0%a6%a5%e0%a6%95%e0%a6%a4%e0%a6%be/#comments
